পোশাক সরঞ্জাম প্রদর্শনী শুরু বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক খাতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম বা গার্মেন্টস এক্সেসরিজ এবং মোড়কীকরণের সঙ্গে সংশ্লিষ্ট বা প্যাকেজিং পণ্যের মেলা গ্যাপেক্সপো-২০১৭ আগামী বুধবার শুরু হচ্ছে। একই সঙ্গে ‘গার্মেন্টেক’ ও ষষ্ঠ ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস সোর্সিং ফেয়ার’ নামে দুটি আন্তর্জাতিক প্রদর্শনী হবে।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত চার দিনব্যাপী এই তিন প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিন প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ভিয়েতনাম, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, জাপান, তাইওয়ানসহ ২৪টি দেশের ৪০০ প্রতিষ্ঠান অংশ নেবে। বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ), জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল এবং ভারতের প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন সম্মিলিতভাবে মেলাটি আয়োজন করছে।
ঢাকার একটি হোটেলে গতকাল রোববার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজিএপিএমইএর সভাপতি আব্দুল কাদের খান, জাকারিয়া ট্রেডের প্রধান নির্বাহী টিপু সুলতান ভূঁইয়া, এএসকে ট্রেডের পরিচালক নন্দ গোপাল কে প্রমুখ।
গার্মেন্টক ও গ্যাপেক্সপো প্রদর্শনীতে পোশাক খাতের সরঞ্জাম ও মোড়কীকরণ সামগ্রী তৈরির যন্ত্র, সেলাই মেশিন, এমব্রয়ডারি, ডাইং, প্রিন্টিং কাটিং, ক্যাড-ক্যাম, স্প্রেডিং যন্ত্র প্রদর্শন করবে প্রতিষ্ঠানগুলো। এ ছাড়া ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস সোর্সিং ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠান প্রাকৃতিক ও কৃত্রিম সুতা, ওভেন ও নিট শিল্পের জন্য বস্ত্র প্রদর্শন করবে।
প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।