পোশাকমালিকদের এবার দেওয়ার পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের করপোরেট কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে পোশাক রপ্তানি মূল্যের ওপর উৎসে কর বিষয়ে কিছু না বলেও বাড়িয়ে দিয়েছেন। আগামী অর্থবছর থেকে ১ শতাংশ হারে উৎসে কর দিতে হবে পোশাকমালিকদের।

পোশাক রপ্তানির বিপরীতে চলতি অর্থবছরের বাজেটে উৎসে কর শূন্য দশমিক ৬০ শতাংশ থেকে বৃদ্ধি করে দেড় শতাংশ উৎসে করের প্রস্তাব করেছিলেন। তবে পোশাকমালিকেরা দেনদরবার করে সেটি শূন্য দশমিক ৭০ শতাংশে কমিয়ে আনেন। তবে প্রজ্ঞাপন দিয়ে এই সুবিধাটি দেওয়া হয়েছিল, যার মেয়াদ ৩০ জুন শেষ হয়ে যাচ্ছে। এর ফলে তৈরি পোশাকমালিক আয়কর অধ্যাদেশের মূল ধারায় ফেরত যেতে হবে; আগামী অর্থবছর থেকে ১ শতাংশ হারে উৎসে কর দিতে হবে পোশাকশিল্প মালিকদের।

অবশ্য পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে আগামী দুই বছরের জন্য উৎসে কর অব্যাহতি ও ৫ শতাংশ নগদ সহায়তা এবং পাঁচ বছর করপোরেটর কর ১০ শতাংশ করার দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

এবারের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আন্তর্জাতিক প্রতিকূল বাজার পরিস্থিতিতে খাতটি নানা চাপের মুখে আছে এবং উৎসে কর প্রদানের প্রত্যাহারপূর্বক নগদ সহায়তা দাবি করেছে। তৈরি পোশাক গুরুত্ব বিবেচনা করে এ খাতকে আমরা সব সময় নানাবিধ প্রণোদনা ও বিশেষ কর সুবিধা প্রদান করে আসছি।’

জানতে চাইলে গত রাতে বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির বলেন, করপোরেট কর কমানোর কারণে পোশাকমালিকেরা এখন আরও বেশি বিনিয়োগ করতে পারবেন। তবে নতুন করে উৎসে কর বাড়লে বিপদ বাড়বে। প্রতিযোগিতা সক্ষমতা কমবে।