পোশাকমালিকেরা আরও সুযোগ-সুবিধা চাইলেন

পাঁচ বছরের জন্য করপোরেট আয়করের হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন পোশাকশিল্পের মালিকেরা।
ভূতাপেক্ষ অনুমোদনের মাধ্যমে গত ২০১৪-১৫ অর্থবছর থেকেই এর কার্যকর চান তাঁরা। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের তৈরি পোশাক রপ্তানি লক্ষ্যমাত্রা পাঁচ হাজার কোটি ডলারে উন্নীত করতেই এ সুযোগটি দরকার বলে তাঁরা মনে করেন।
পোশাকমালিকদের আবদারের তালিকায় আরও আছে, ইউরো অঞ্চলের জন্য বিশেষ নগদ সহায়তা এবং জাহাজজাত পণ্যের ওপর দেওয়া নগদ সহায়তার মেয়াদ বৃদ্ধি, নগদ সহায়তা দেওয়ার ক্ষেত্রে নিরীক্ষা করার বাধ্যবাধকতা শিথিল এবং নিরীক্ষকদের হয়রানি বন্ধ। পোশাকমালিকেরা এর আগে নানা সুযোগ-সুবিধা চাইলেও জবাবদিহির বাইরে থাকার এই দাবিটি নতুন।
সচিবালয়ে গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ এবং রপ্তানিকারকদের সমিতি ইএবির নেতারা এসব দাবি জানান।
অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে পোশাক খাতের মালিকদের পাশাপাশি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, অর্থসচিব মাহবুব আহমেদ, বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী তাঁদের কথার ফাঁকে ফাঁকে কথা বললেও দাবি পূরণের বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। বৈঠকে বাণিজ্যমন্ত্রী পোশাকমালিকদের পক্ষে কথা বলেন। তবে নিশ্চুপ ছিলেন শিল্পমন্ত্রী।
মালিকেরা অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, পাঁচ বছর (২০০৫-২০১০) তাঁরা ১০ শতাংশ করে আয়কর দিয়েছেন। সুযোগটি পরে ২০১২ পর্যন্ত বাড়ানো হয়। একই সুযোগ আরেক দফা বাড়িয়ে করা হয় ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত। এরপর আর সুযোগটি দেওয়া হয়নি। এ কারণে তাঁদের এখন ৩৫ শতাংশ করে আয়কর দিতে হচ্ছে।
বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, সুতা, ডাইং, ফিনিশিং ও পাট খাতের জন্য ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত ১০ শতাংশ করপোরেট আয়করের অনুমোদন দেওয়া হলেও পোশাক খাতকে বিবেচনায় নেওয়া হয়নি।
বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, মোট পোশাক রপ্তানির ৬০ দশমিক ২৮ শতাংশ হয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে। পাঁচ বছরে ইউরোর মান ২১ দশমিক ৩৫ শতাংশ কমে যাওয়ায় পোশাক খাত ক্ষতির শিকার। দরকার বিশেষ নগদ সহায়তা। আবার জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে রপ্তানিমূল্যের ওপর (এফওবি) দশমিক ২৫ শতাংশ হারে বর্ধিত নগদ সহায়তা দেওয়া হলেও গত ৩০ জুন এর মেয়াদ শেষ হয়ে গেছে। এর মেয়াদ বাড়ানো দরকার।
নগদ সহায়তা নেওয়ার পরে নিরীক্ষার নামে ‘হয়রানি’ করা হয় বলে অভিযোগ করেন বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান। এই নিরীক্ষা বন্ধের দাবি তাঁর।
এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমিও বিষয়টি জানি। চার মাস ধরে ব্যবসায়ীরা আমাকে জ্বালিয়ে মারছে। আমি বাংলাদেশ ব্যাংক, অর্থসচিব, বাণিজ্যসচিবকে বলেছি। বলা ছাড়া কিছু করার নেই। আজ আপনাকে (অর্থমন্ত্রীকে) বলছি। বিষয়টির সমাধান দরকার।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ২০১৪ সালের অবরোধ-হরতালে পোশাকশিল্পের যথেষ্ট ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অন্য সব দেশের পণ্যের দাম বাড়লেও রানা প্লাজার ঘটনার কারণে বাংলাদেশি পণ্যের দাম বাড়েনি। ইউরোর দরপতনের কারণেও ক্ষতিগ্রস্ত তাঁরা। আবার টাকার পুনর্মূল্যায়নও হচ্ছে না দীর্ঘদিন।
করপোরেট কর কমানো বড় জটিল সমস্যা উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, ২০১৪-১৫ অর্থবছরের ৯৪ শতাংশ এবং ২০১৫-১৬ অর্থবছরের ৬৪ শতাংশ করের হিসাব ইতিমধ্যে জমা পড়েছে। এ অবস্থায় গত বছরের ব্যাপারে তাঁর পক্ষে কিছু করা সম্ভব নয়। তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম, এ বছর কিছুটা ছাড় (কনসেশন) দেব। এ জন্য আইনে সংশোধনী আনতে হবে। দেখা যাক, চলতি অধিবেশনের শেষ দিনের মধ্যে সংসদে পাঠানো যায় কি না।’
বাণিজ্যমন্ত্রী এ সময় অর্থমন্ত্রীর কাছে জানতে চান, ১০ ও ৩৫ শতাংশের মাঝামাঝি কিছু একটা করে আগের অর্থবছরের জন্য কিছু করা যায় কি না। অর্থমন্ত্রী জানতে চাইলে এনবিআরের এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, তখন এক দেশে দুই ধরনের আইন করতে হবে।
দাবি বাস্তবায়ন করলে সরকার রাজস্ব কত কম পাবে—বৈঠকের পর জানতে চাইলে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘এটি আমরা পর্যালোচনা করছি।’
নিরীক্ষা বন্ধের বিষয়ে জানতে চাইলে বাণিজ্যিক অডিট অধিদপ্তরের মহাপরিচালক মো. মাহতাবউদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা পোশাক কারখানার ওপর নিরীক্ষা করি না, করি ব্যাংকের ওপর। এতে অনেক অনিয়ম উঠে আসে এবং শত শত কোটি টাকা আদায়ও হয়।’ তিনি বলেন, নিরীক্ষায় শিথিলতা আনা হলে অনিয়ম বাড়তে পারে, আবার সরকারের সংগ্রহও কমে যেতে পারে।
পোশাকমালিকদের চাওয়ার তালিকা
পাঁচ বছরের জন্য করপোরেট আয়কর ৩৫% থেকে কমিয়ে ১০% করা
জাহাজীকরণ পণ্যের ওপর দেওয়া নগদ সহায়তার মেয়াদ বৃদ্ধি
সুবিধাটি দিতে হবে এক অর্থবছর আগে থেকে
নগদ সহায়তা দেওয়ার ক্ষেত্রে নিরীক্ষার বাধ্যবাধকতা শিথিল
ইউরো অঞ্চলের জন্য বিশেষ নগদ সহায়তা
নিরীক্ষকদের হয়রানি বন্ধ