পোশাকশিল্পে নিরাপত্তা কমিটি করার নির্দেশনা
দেশের সব তৈরি পোশাক কারখানাকে অংশগ্রহণকারী ও সেফটি বা নিরাপত্তা কমিটি গঠন করতে বলেছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
শ্রম আইনের বিধিমালা অনুযায়ী এই দুটি কমিটি গঠনের জন্য নিজেদের সব সদস্য কারখানার প্রতি নির্দেশনা জারি করেছে সংগঠনটি।
নির্দেশনাটি দেওয়া হয় গত ৫ অক্টোবর। এতে বলা হয়, শ্রম বিধিমালা-২০১৫ গত ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে বলা হয়, কমপক্ষে ৫০ জন স্থায়ী শ্রমিক কর্মরত আছেন এমন কারখানার কার্যক্রম শুরুর তিন মাসের মধ্যে একটি অংশগ্রহণকারী কমিটি করতে হবে। শ্রমিকদের প্রত্যক্ষভাবে সম্পৃক্ত করে প্রতিষ্ঠানের মালিক এই কমিটি গঠন করবেন। এ ছাড়া বিধিমালা কার্যকর হওয়ার দিন থেকে ছয় মাসের মধ্যে গঠন করতে হবে নিরাপত্তা কমিটি। যেসব পোশাক কারখানায় ৫০ জনের বেশি স্থায়ী শ্রমিক কাজ করেন, সেখানে এ ধরনের কমিটি গঠন ও তা কার্যকর করার কথা শ্রম আইনে বলা আছে।
জানা গেছে, বিজিএমইএ তার সদস্য কারখানাগুলোকে শ্রম বিধিমালার আলোকে অংশগ্রহণকারী ও নিরাপত্তা কমিটি গঠন করে তা জানানোর নির্দেশ দিয়েছে। কমিটি গঠনের বিষয়ে প্রয়োজনে কারখানা কর্তৃপক্ষকে বিজিএমইএ কার্যালয় থেকে পরামর্শ নিতে বলা হয়েছে।
শ্রম বিধিমালা অনুযায়ী, নিরাপত্তা কমিটির সদস্যসংখ্যা হবে ৬ থেকে ১২ জন। মূলত কারখানায় শ্রমিকের আনুপাতিক হার অনুয়ায়ী সদস্যসংখ্যা নির্ধারিত হবে। এই কমিটির কাজ হবে প্রতিষ্ঠানের ঝুঁকি ও নিরাপত্তা, যন্ত্রপাতি ও কর্মপ্রক্রিয়া, অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, বিপজ্জনক চালনা ইত্যাদি ব্যবস্থাপনা।
অন্যদিকে অংশগ্রহণকারী কমিটিতে মালিক ও শ্রমিকপক্ষের মোট সদস্যসংখ্যা হবে ৬ থেকে ৩০ জন। এই কমিটির কাজ হলো মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস অর্জন; শ্রম আইনের প্রয়োগ নিশ্চিতকরণ; নিরাপত্তা, পেশাগত স্বাস্থ্যরক্ষা ও কাজের অবস্থার উন্নতি; প্রশিক্ষণে উৎসাহিত করা ইত্যাদি।