পোশাকশিল্পের গুণগত উন্নয়নে চাপ অব্যাহত রাখতে চায় জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পরিবেশ ও শ্রমমানের উন্নতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তবে শ্রম-ইতিহাসের বিয়োগান্তক ঘটনায় হতাহত শ্রমিকদের এখনো যথাযথ ক্ষতিপূরণ না দেওয়াটা ‘অত্যন্ত লজ্জাজনক’ ঘটনা। ক্ষতিগ্রস্ত এসব লোকজনের জন্য ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে জার্মানির বড় প্রতিষ্ঠানগুলোকে চাপ দেওয়া হবে। এর পাশাপাশি এ দেশের কর্তৃপক্ষ আর কারখানার মালিকদেরও পরিস্থিতির উন্নতিতে চাপ অব্যাহত রাখা উচিত।
জার্মানির পার্লামেন্টের তিন সদস্যের এক প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার ঢাকা ছাড়ার আগে গণমাধ্যমের কাছে এ মন্তব্য করেন। প্রতিনিধিদলের তিনজনই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্য। এক দিনের এ সফরের সময় প্রতিনিধিদলটি রানা প্লাজার পাশাপাশি পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) পরিদর্শন করেন। এ ছাড়া বাংলাদেশের শ্রমমান পরিস্থিতি দেখতে একটি কারখানা ঘুরে দেখার পাশাপাশি বিজিএমইএ ও ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।
রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ না দেওয়ায় সরকারের সমালোচনা করে প্রতিনিধিদলের সাখা রাবে বলেন, ‘ভবনধসে যে ক্ষতি এসব লোকজনের ভাগ্যে ঘটেছে তার তুলনায় নগণ্য হলেও পুরোপুরি ক্ষতিপূরণ সরকার এখনো দেয়নি। দুর্ঘটনার পর প্রতিশ্রুতি অনুযায়ী এসব মানুষকে ক্ষতিপূরণ না দেওয়াটা কারখানার মালিক, ক্রেতা ও সরকার সবার জন্য অত্যন্ত লজ্জাজনক।’
বাংলাদেশের পোশাক কারখানা ও শ্রমিকের সুরক্ষায় গুণগত মানের জন্য ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে গৃহীত পদক্ষেপ সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের পর গত এক বছরের দৃশ্যমান পরিবর্তনের জন্য প্রতিনিধিদল প্রশংসা করে।
তবে শ্রমিকদের মজুরি কম হওয়াটাকে তারা একটি বড় সমস্যা হিসেবে উল্লেখ করে। সাখা রাবে ও তাঁর সহকর্মী বুর্খার্ড লিশখা দুজনেই মনে করেন, এখানকার শ্রমিকদের মজুরি যেকোনো দেশের চেয়ে অনেক কম। কাজেই এ ব্যাপারে তাঁরা জার্মান ক্রেতাদের সঙ্গে আলোচনা করবেন।
শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার, ন্যূনতম মজুরি সুনিশ্চিত করা, সব ধরনের ভয়ভীতি ও বৈষম্য থেকে মুক্ত হওয়ার মতো বিষয়গুলো সুরাহার ওপর তাঁরা গুরুত্ব দেন।
সাখা রাবে বলেন, ‘অনেক অগ্রগতি হলেও আরও উন্নতি করতে হবে বলে আমরা চাপ অব্যাহত রাখতে চাই। কারণ, চাপ ছাড়া গুণগত পরিবর্তন আপনা-আপনি আসবে না। তবে এটাও খুব স্পষ্ট করে বলছি, বাংলাদেশের পণ্যের জন্য ইইউর দেওয়া অগ্রাধিকারমূলক বাজার সুবিধা আমরা কেড়ে নিচ্ছি না। পরিবর্তন-প্রক্রিয়ায় আমরা বাংলাদেশের পাশে থাকতে চাই।’
সাবেক জার্মান মন্ত্রী ও প্রতিনিধিদলের অন্য সদস্য ভলগাং টিফেনসি বলেন, ‘বেশ কিছু পরিবর্তন হলেও পরিস্থিতির উন্নয়নে আমরা কিছু সামাজিক বিষয় যুক্ত করতে চাই।’