সাভারের রানা প্লাজা ধসের পর দেশে তৈরি পোশাক খাতে কারখানার কর্মপরিবেশ উন্নয়নে কাজ চলছে। শ্রমিকেরা বলছেন, কর্মক্ষেত্রে তাঁদের অধিকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ তাঁরা নিজেদের নিরাপদ ভাবতে পারছেন না। অনেক কারখানার শ্রমিকেরা এখনো ট্রেড ইউনিয়ন করতে গিয়ে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। কর্মপরিবেশ উন্নয়ন নিয়ে অনেক কথা হলেও শ্রমিকদের ওপর নির্যাতনের বিষয়ে সবাই নীরব।
ইন্টারন্যাশনাল লেবার রাইটস ফোরামের (আইএলআরএফ) ‘আওয়ার ভয়েস, আওয়ার সেফটি’ বা ‘আমাদের কণ্ঠ, আমাদের নিরাপত্তা’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। দেশের বিভিন্ন এলাকার পোশাক কারখানার নারী ও পুরুষ শ্রমিক এবং শ্রমিক সংগঠনের নেতাদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
সংস্থাটির সম্প্রতি প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, কারখানায় বিদ্যুৎ, অগ্নি ও ভবন নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই জরুরি। কারণ এগুলো শ্রমিকদের জীবন বাঁচাতে সহায়ক। সেই সঙ্গে শ্রমিকদের ভয়ভীতি ও নির্যাতন বন্ধে নীরবতা ভেঙে সংশ্লিষ্ট ব্যক্তিদের শক্ত অবস্থান নেওয়াও প্রয়োজন। না হলে ঝুঁকি থেকেই যাবে।
লেবার রাইটস ফোরামের এই গবেষণাকাজের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) নির্বাহী পরিচালক কল্পনা আক্তার। জানতে চাইলে গতকাল বুধবার তিনি বলেন, ‘ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন এলাকার যেখানে বেশি সমস্যা হয়, সেখানকার শ্রমিকদের সঙ্গে কথা বলেই এসব তথ্য মিলেছে। আমরা কাউকে টার্গেট করে তাঁদের সাক্ষাৎকার নিইনি। ফলে যেসব তথ্য উঠে এসেছে, তা পুরো পোশাকশিল্পের প্রকৃত চিত্র।’
গবেষণায় বলা হয়, কর্মপরিবেশ উন্নয়ন কার্যক্রমের একটা পর্যায়ে এসে সব পক্ষই বলছে, শ্রমিক নিরাপত্তার অনেক অগ্রগতি বা উন্নতি হয়েছে। তবে কোনো পক্ষই এখানে শ্রমিকদের বক্তব্য তুলে ধরছে না। আসলে সংস্কার কার্যক্রমে শ্রমিকদের অংশগ্রহণ প্রায় নেই বললেই চলে। ফলে একটা ফাঁক থেকেই যাচ্ছে।
রিনা হোসেন নামের এক অপারেটরের কাছে গবেষক দলের প্রশ্ন ছিল, গত এক বছরের চেয়ে আপনি এখন কতটা নিরাপদ। উত্তরে তিনি বলেন, ‘১০ শতাংশ উন্নতি হয়েছে। বাধাটা হচ্ছে, অধিকাংশ কারখানাতেই শ্রমিকদের চেয়ে কর্মকর্তা বেশি শক্তিশালী। আমি ঘণ্টায় ৬০-৭০ পিচ পোশাক সেলাই করতে পারি। কিন্তু তারা আমাকে দিয়ে ১২০ পিচ কাপড় সেলাই করাতে চায়। আমি বাথরুমে যেতে, পানি খেতে কিংবা বিশ্রাম নিতে চাই। কিন্তু পারি না।’
রিনার বক্তব্যের রেশ ধরে প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা কার্যক্রমে কারখানার মালিক থেকে শুরু করে কর্মকর্তা, এমনকি শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করাও জরুরি। কিন্তু তাঁদের সেই কাজে অংশ নেওয়া এতটা সহজ নয়।
আরেক শ্রমিক সুরাইয়া বেগম বলেন, ‘আমাদের কাছে নিরাপত্তা মানে হলো কারখানার সব ছেলে-মেয়ে সংঘবদ্ধ। আমাদের কথা প্রতিষ্ঠান শোনে। ছোট্ট দাবি মেনে নেয়। আমরাও প্রতিষ্ঠানের কথা শুনি। এ রকমটা হলেই আমরা মনে করি, আমরা নিরাপদ।’
তবে অনেক শ্রমিকের বক্তব্যেই উঠে এসেছে যে তাঁদের জন্য সংগঠিত হওয়া কিংবা ট্রেড ইউনিয়ন করা খুবই কঠিন। এ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, ইউনিয়ন করতে গেলেই শ্রমিকেরা কারখানা কর্তৃপক্ষের চক্ষুশূল হয়ে পড়েন। তাঁদের ওপর সব সময় মালিকপক্ষের লোকজনের নজরদারি থাকে এবং ছাঁটাইয়ের হুমকিসহ নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের খড়্গ নেমে আসে। তবে যাঁরা শেষ পর্যন্ত ইউনিয়ন করতে সক্ষম হন, তাঁদের দাবিদাওয়া আদায়টা অনেক সহজ হয়েছে।
নুরুল শের নামের এক শ্রমিক তাঁর কারখানার ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট। লেবার রাইটস ফোরামের গবেষকদের তিনি বলেন, ‘ইউনিয়ন করা অতটা সহজ না। যখনই কারখানা কর্তৃপক্ষ জানল যে আমরা ইউনিয়ন করতে চাই, তখনই তারা নানা ধরনের নির্যাতন শুরু করল।’ তিনি বলেন, ‘আমি এক ঘণ্টায় জ্যাকেটের ৬০টি হাতা সেলাই করতে পারতাম। ইউনিয়ন করার কথা শুনে কারখানার কর্মকর্তারা আমাকে এক ঘণ্টায় ১২০টি করতে বলল। যখনই আমি সেটি না পারতাম, আমাকে চড়থাপড়, এমনকি বেঞ্চের ওপর কানে হাত ধরিয়ে দাঁড় করিয়ে রাখত।’
গবেষকেরা শ্রমিকদের কাছে জানতে চেয়েছিলেন তাঁদের উন্নয়নে বড় বাধা কারা? এই প্রশ্নের উত্তরে সবিতা ব্যাপারী নামের এক নারী শ্রমিক বলেন, পুলিশ ও মালিকের গুন্ডারা। তারপর কারখানার ব্যবস্থাপক, পরিদর্শক ও লাইন চিফ। আরেক শ্রমিক রিতু খানও বলেন, পুলিশ, মালিকের গুন্ডা, ব্যবস্থাপক ও লাইন চিফই বড় সমস্যা। পুলিশের বিষয়ে তাঁর বক্তব্য, মালিক অনেক সময় শ্রমিকদের হয়রানি করতে পুলিশ নিয়ে আসেন।
বিসিডব্লিউএসের নির্বাহী পরিচালক কল্পনা আক্তার বলেন, অগ্নি, ভবন ও বিদ্যুৎ-সমস্যার সমাধানে সবাই ব্যস্ত হয়ে উঠেছেন। কিন্তু শ্রমিকদের ইউনিয়ন করা ও তাঁদের প্রতিদিনকার সমস্যার কথা কেউ শুনছেন না। স্থানীয় শ্রমিক নির্যাতনের হার অনেক বেড়ে গেছে। সরকার, মালিক কিংবা ক্রেতাদের সঙ্গে কথা বলেও এর কোনো সুরাহা হচ্ছে না। তা ছাড়া অ্যাকর্ড কারখানার সংস্কারকাজে শ্রমিকদের কিছুটা অন্তর্ভুক্ত করলেও অ্যালায়েন্স করছে না।
জানতে চাইলে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়ন করতে গিয়ে শ্রমিকেরা নির্যাতিত হয়েছেন—এমন সুনির্দিষ্ট কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। এলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব।’