পোশাকশ্রমিকেরা সবাই কর্মপরিবেশ নিয়ে শঙ্কিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব পোশাকশ্রমিকই কমবেশি কারখানার কর্মপরিবেশ নিয়ে শঙ্কিত৷ ৩০ শতাংশ শ্রমিক মনে করেন, তঁাদের কারখানা অগ্নিকাণ্ডের জন্য খুবই ঝুঁকিপূর্ণ৷ আর অগ্নিকাণ্ড মোকাবিলায় ২৭ শতাংশ শ্রমিকেরই পর্যাপ্ত প্রশিক্ষণ নেই৷
তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে কাজ করা উত্তর আমেরিকার ক্রেতা জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটির ছয় মাসের কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে৷ ৩০ জানুয়ারি নিজস্ব ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করে অ্যালায়েন্স৷
ক্রেতাদের এই জোট গত নভেম্বর ও ডিসেম্বরে দেশের ২৮টি পোশাক কারখানার তিন হাজার ২০০ শ্রমিকের ওপর জরিপ চালায়৷ এ ছাড়া তারা ১০টি ভিন্ন দলে ১০১ জন শ্রমিকের সঙ্গে আলোচনা করে কারখানার কর্মপরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে৷ বাংলাদেশে পোশাকশ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতনতার মাত্রা সম্পর্কে জানতে জরিপটি চালানো হয়৷ এ বিষয়ে সচেতনতা বাড়াতে শ্রমিকদের আরও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়৷
জরিপের তথ্য অনুযায়ী, ৬৫ শতাংশ শ্রমিক কারখানা ভবনের নিচতলায় কাজ করাকে নিরাপদ মনে করেন৷ অতিরিক্ত অর্থের বিনিময়েও উঁচুতলায় কাজ করতে সহজে রাজি হন না৷ আবার জরিপে অংশগ্রহণকারী ৪৭ শতাংশ শ্রমিক মনে করেন, কারখানায় আগুন লাগলে দ্রুত দুর্ঘটনাস্থল ত্যাগ করা সম্ভব নয়৷
প্রতিবেদনে আরও বলা হয়, গত ছয় মাসে অ্যালায়েন্স প্রতিনিধিরা ২২২টি কারখানা পরিদর্শনকাজ সম্পন্ন করেছেন, যা তাদের আওতায় থাকা মোট কারখানার ৩১ শতাংশ৷ এ পরিদর্শনে পাওয়া ত্রুটিগুলো বিশ্লেষণে কাজ চলছে৷ অ্যালায়েন্সের মানদণ্ড অনুযায়ী এগুলো বিশ্লেষণ করা হচ্ছে৷ পরে জাতীয় কর্মপরিকল্পনার আওতাধীন ত্রিপক্ষীয় কমিটি ও অ্যাকর্ডের মানদণ্ডের সঙ্গে সমন্বয় করা হবে৷
অ্যালায়েন্সের সদস্যরা শ্রমিকদের নিরাপত্তার জন্য পাঁচ কোটি ডলারে তহবিল গঠন করার প্রতিশ্রুতি দিয়েছেন৷ এ ছাড়া ১০ কোটি ডলারের তহবিল করা হয়েছে কারখানার কর্মপরিবেশ উন্নয়নের জন্য৷