পৌর এলাকার প্রকল্প প্রত্যাহারের সিদ্ধান্ত
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ মঙ্গলবার ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপনের কথা রয়েছে। কিন্তু এর মধ্যে পাঁচটি প্রকল্পের বাস্তবায়ন এলাকা বেশ কিছু পৌরসভার সীমানার মধ্যে রয়েছে। তাই এ প্রকল্পগুলো আজকের একনেক সভা থেকে প্রত্যাহার করে নেওয়া হবে।
গতকাল সোমবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
পরিকল্পনা কমিশনে যে পাঁচটি প্রকল্প প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে পশ্চিমাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পে মংলা বন্দর, বাগেরহাট, সাতক্ষীরা, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও ঈশ্বরদী পৌরসভা এলাকা পড়েছে। বাকেরগঞ্জ-পাদ্রীশিবপুর-কাঁঠালতলী-সুবিদখালী-বরগুনা সড়ক প্রশস্তকরণ ও মজবুতকরণ প্রকল্পে বাকেরগঞ্জ, বরগুনা ও মির্জ্জাগঞ্জ পৌরসভা এলাকা রয়েছে। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়ন প্রকল্প ২৯টি উপজেলায় বাস্তবায়ন করা হবে। এর মধ্যে কমলগঞ্জ, কুলাউড়া, আমতলী, কলাপাড়া, চাঁপাইনবাবগঞ্জ, নাচোল, বীরগঞ্জ, তানোর, গোদাগাড়ী, নেত্রকোনা, দুর্গাপুর ও নালিতাবাড়ী পৌরসভা রয়েছে। এ ছাড়া দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তৈরি পোশাক, নির্মাণ, হালকা প্রকৌশলসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রকল্পটি সারা দেশে বাস্তবায়ন করা হবে। এতে অনেক পৌর এলাকা পড়বে। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় মিশ্র ফল চাষ প্রকল্পে বান্দরবান পৌরসভা এলাকা রয়েছে।
একই কারণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উ ইথ ডাবল পাইপলাইন প্রকল্পও তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে।
উল্লেখ্য, এর আগে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর এ ধরনের দুটি প্রকল্প একনেকে উত্থাপনের পর তা প্রত্যাহার করে নেয় পরিকল্পনা বিভাগ।