পোলট্রি প্রদর্শনীর শেষ দিনেও ভিড়

পোলট্রি শিল্পের কী নেই এখানে। উদ্যোক্তারা কীভাবে ব্যবসা শুরু করবেন, নিজেদের বিদ্যুৎ নিজেরাই উৎপাদন করবেন, হাঁস-মুরগির খাবার তৈরি কিংবা রোগবালাই দূর করতে কী ধরনের ওষুধ ব্যবহার করবেন—সব কিছুর সমাধান মিলেছে। ডিম, মুরগির বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান তো আছেই। এক ছাদের নিচে সবকিছুর সমাহার। তিন দিন ধরে রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটিতে পোলট্রি প্রদর্শনী হলো। তিন দিনই পোলট্রি উদ্যোক্তাদের ভিড় ছিল।
ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) দশম আন্তর্জাতিক পোলট্রি প্রদর্শনীর আয়োজন করেছে। গত বৃহস্পতিবার শুরু হয়ে গতকাল শনিবার শেষ হয়েছে। এতে দেশি-বিদেশি ১২৩টি প্রতিষ্ঠান অংশ নেয়। পোলট্রি শিল্পের ওষুধ, উৎপাদন, খাদ্যসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান অংশ নেয়। গত তিন দিন বিকাশমান এই পোলট্রিশিল্পের বিভিন্ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত তিন দিন প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত ছিল। প্রতিদিনই বিপুলসংখ্যক দর্শনার্থী প্রদর্শনীতে এসেছেন। গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, শেষ দিনে বেশ ভিড়। পোলট্রি ফিড বা খাবার স্টল ও ওষুধের প্রতিষ্ঠানের স্টলেই তুলনামূলক বেশি ভিড়।
প্রদর্শনীতে এসেছেন সাভারের খাগান এলাকার পোলট্রি ব্যবসায়ী শফিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে জানান, নিজের বাড়িতেই ছোট পরিসরে পোলট্রি খামার করেছেন। স্থানীয় খুচরা বিক্রেতাদের কাছেই ডিম ও মুরগি বিক্রি করে থাকেন। এখন তিনি ব্যবসা বাড়াতে চান। বৃহৎ পরিসরে খামার করতে কী করা উচিত, জানতেই প্রদর্শনীতে এসেছেন।
তবে মেলায় বিভিন্ন পোলট্রি প্রতিষ্ঠানের কর্মীরাই বেশি এসেছেন। তাঁরা এই খাতের নতুন নতুন প্রযুক্তি, পোলট্রি খাবার, ওষুধ সম্পর্কে খোঁজ নিয়েছেন।
পোলট্রি খাবার তৈরির নানা ধরনের ওষুধ বাজারজাত করে কাজী অ্যাগ্রো লিমিটেড। প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মী জাকির আহমেদ জানান, হাঁস-মুরগির রোগবালাই নির্ভর করে খাবারের ওপর। খাবারের মান ভালো রাখতেই নানা ধরনের ওষুধ ব্যবহৃত হয়। প্রদর্শনীতে কাজী অ্যাগ্রোর ওষুধ বেশ ভালো সাড়া পেয়েছে।
ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রোটিন হাউস গাজীপুরের কাপাসিয়ায় ২০১০ সালে যাত্রা শুরু করে। এই প্রতিষ্ঠানের বিক্রয় কর্মকর্তা ওয়ালিদ হোসেন বলেন, বাজারে ডিমের চাহিদা বাড়ছে। এই ব্যবসার যেমন বিকাশ ঘটছে, তেমনি মানের বিষয়েও সব কোম্পানি কঠোর হচ্ছে। প্রোটিন হাউসে আধুনিক প্রযুক্তিতে হাতের স্পর্শ ছাড়াই ডিমের প্যাকেজিং, মুরগির ফিডিং ও ড্রিংকিং নিয়ন্ত্রণ করা হয়।
পোলট্রি খামার সাধারণত শহরের বাইরে হয়ে থাকে। তাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সৌর প্যানেল নিয়ে এসেছে প্যারাসোল এনার্জি লিমিটেড। এই প্রতিষ্ঠানের ব্যবসায় উন্নয়ন শাখার প্রধান শাহীন সারোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, একটি মাঝারি আকারের পোলট্রি খামারের ছাদে সৌর প্যানেল ব্যবহার করে ৭৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। অথচ এ ধরনের খামারে আড়াই শ কিলোওয়াটের মতো বিদ্যুৎ প্রয়োজন। বাকিটা পার্শ্ববর্তী খামার বা অন্য কাজে লাগানো যায়।