পোলট্রি শিল্পে ২০২৫ পর্যন্ত কর অবকাশসুবিধার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২৫ সাল পর্যন্ত কর অবকাশসুবিধা চেয়েছেন পোলট্রি শিল্পের উদ্যোক্তারা। এ ছাড়া পোলট্রি খাদ্য হিসেবে ভুট্টা আমদানিতে ৫ শতাংশ হারে অগ্রিম কর প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তাঁরা। গতকাল রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত আসন্ন ২০১১-১২ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা এ দাবি জানান। গতকালই আসন্ন বাজেট নিয়ে প্রথম প্রাক-বাজেট আলোচনা শুরু করল এনবিআর। এক মাসজুড়ে চলবে এই আলোচনা। এনবিআরের শুল্ক প্রশাসনের সদস্য ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এনবিআরের সদস্য (সদস্য) হুসেইন আহমেদ, সদস্য (মূসক) আবদুল মান্নান পাটোয়ারী, বাজেট সমন্বয় কমিটির প্রধান আনোয়ার হোসাইন, এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক, এফবিসিসিআইয়ের সাবেক উপদেষ্টা মনজুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।আলোচনায় অংশ নিয়ে মেইজ অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুল হক বলেন, চাহিদা বাড়লেও ভুট্টার উৎপাদন কমছে। এ বছর অন্তত ১১ লাখ মেট্রিক টন ভুট্টা আমদানি করতে হবে। পোলট্রি শিল্পের স্বার্থে আমদানি করা ভুট্টার ওপর আরোপিত ৫ শতাংশ অগ্রিম আয়কর পুরোপুরি প্রত্যাহার করতে হবে। পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আবু সিদ্দিকী ও মহাসচিব মনজুর মোরশেদ নিজেদের শিল্পের সুরক্ষায় সহজ নীতিমালা প্রণয়নের জন্য দাবি জানান। তাঁরা বলেন, সিডর ও বার্ড ফ্লুর কারণে দেশের দেড় লাখ পোলট্রির প্রায় অর্ধেকই বন্ধ হয়ে গেছে। এর ফলে এ খাতে ক্ষতি হয়েছে সাত থেকে আট হাজার কোটি টাকা। তাঁরা পোলট্রি শিল্পের কর অবকাশ প্রত্যাহার না করে ২০২৫ সাল পর্যন্ত বর্ধিত করার দাবি জানান।