পোলট্রিশিল্পকে ২০২৫ সাল নাগাদ কর অবকাশের সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন এই শিল্পের উদ্যোক্তারা। তাঁরা মনে করেন, দীর্ঘসময়ের জন্য কর অবকাশ-সুবিধা দিলে লোকসানের মুখে পড়ে যাঁরা পোলট্রি বন্ধ করে দিয়েছেন তাঁরা ফিরে আসবেন; আবার যাঁরা এখনো টিকে আছেন তাঁরা পুনর্বিনিয়োগ করবেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত প্রাক্-বাজেট আলোচনায় গতকাল রোববার পোলট্রিশিল্পের উদ্যোক্তারা এই দাবি জানান। গতকাল থেকে এই প্রাক্-বাজেট আলোচনা শুরু হয়েছে। প্রথম দিনে কৃষি ও মোটরগাড়ি (অটোমোবাইল) খাত নিয়ে আলোচনা হয়। এনবিআর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন সদস্য (মূসক প্রশাসন) ফরিদ উদ্দিন। এ ছাড়া অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এ ছাড়া কৃষি খাতের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন খাতের উদ্যোক্তারা এতে অংশ নেন। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্র্রিজ অ্যাসোসিয়েশনের মহাসচিব এম খান বলেন, পোলট্রিশিল্পের খাদ্য আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করা উচিত। পোলট্রিশিল্পের বর্জ্য দিয়ে বায়োগ্যাস উৎপাদন করা যেতে পারে। আর বায়োগ্যাস উৎপাদনে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহার করা দরকার। এম এ খান জানান, পরিবেশ বিপর্যয়ের কারণে তাপমাত্রা বাড়ছে। তাই হাঁস-মুরগির খামারে তাপমাত্রা সহনীয় করতে আরও আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন। তাই এসব আধুনিক যন্ত্রপাতি শুল্কমুক্ত যন্ত্রপাতির তালিকায় সংযুক্ত করার দাবি জানান তিনি। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের পরিচালক আবদুস সালাম খান বলেন, সার বিক্রির ওপর অযাচিতভাবে কর আদায় করা হচ্ছে। এই কর আদায় বন্ধ করা উচিত। রপ্তানি হয়, এমন ফুল চাষ করতে বিশেষ শেডের ওপর শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। তিনি বলেন, রপ্তানির জন্য ফুল চাষে বিশেষ নগদ সহায়তা দেওয়া উচিত। বাংলাদেশ শস্য প্রতিরক্ষণ সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আনিস উদ দৌলা কীটনাশক ছড়ানোর যন্ত্রপাতি শুল্কমুক্ত করার পরামর্শ দেন। প্রাক্-বাজেট আলোচনার দ্বিতীয় পর্বে অটোমোবাইল খাতের উদ্যোক্তা ও আমদানিকারকেরা অংশ নেন। এই পর্বে রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীরা সিসির ভিত্তিতে গাড়ির ওপর বিদ্যমান শুল্কস্তর পুনর্বিন্যাসের দাবি জানান।