পোলট্রিশিল্পে ২৫৬ কোটি টাকার ক্ষতি
চলমান হরতাল-অবরোধে একদিন বয়সী বাচ্চা, মুরগি ও খাদ্য সরবরাহকারী গাড়ি ভাঙচুরের শিকার হচ্ছে। এসব গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আবার রাস্তায় আটকা পড়ে মারা যাচ্ছে অসংখ্য বাচ্চা। বিক্রি করতে না পেরে সপ্তাহে ২২ লাখ মুরগির বাচ্চা মেরে ফেলতে বাধ্য হচ্ছেন উৎপাদনকারীরা। সব মিলিয়ে গত ১৩ দিনের সহিংস রাজনীতির কারণে পোলট্রিশিল্পের ২৬৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
নিজেদের এমন ক্ষতির পরিসংখ্যান তুলে ধরে বাংলাদেশ পোলট্রিশিল্প সমন্বয় কমিটির (বিপিআইসিসি) নেতারা বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁদের বক্তব্য, শিগগিরই অবস্থার পরিবর্তন না হলে পোলট্রিশিল্প ধ্বংস হয়ে যাবে। আর এটি হলে খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়বে।
রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আজ রোববার চলমান রাজনৈতিক অস্থিরতায় পোলট্রিশিল্পের সংকট শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিপিআইসিসি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমন্বয় কমিটির আহ্বায়ক মসিউর রহমান। এ ছাড়া ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে রহিম খান ও পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের মহাসচিব এম এম খান বক্তব্য দেন।
আহ্বায়ক মসিউর রহমান বলেন, ‘পোলট্রিশিল্পে চাইলেই উৎপাদন বন্ধ রাখা যায় না। কারণ মুরগি ডিম পাড়বেই। খাবারের জোগান দিতেই হবে। আর নির্ধারিত সময়ে মুরগি বিক্রয়যোগ্য হয়ে উঠবেই।’ তিনি বলেন, হরতাল-অবরোধে পরিবহনের অভাবে খামারের উৎপাদিত ডিম ও মুরগি ভোক্তার কাছে পৌঁছানো যাচ্ছে না। ফলে এসবের প্রায় ২৫-৩০ শতাংশই অবিক্রীত থেকে যাচ্ছে। গত ১৪ দিনে প্রায় সাড়ে আট কোটি ডিম, সাত হাজার মেট্রিক টন মুরগির মাংস ও ৯৯ লাখ একদিন বয়সী বাচ্চা বাজারজাত করা সম্ভব হয়নি।
কমিটির এই আহ্বায়ক বলেন, ২০১৩ সালের রাজনৈতিক অস্থিরতায় চার হাজার কোটি টাকার ক্ষতি হয়। আর এবার ২৫৬ কোটি টাকা ক্ষতি হলে এর ব্যাংক ঋণের সুদ, পরিবহনের বাড়তি খরচ যোগ করলে হবে ৫০০-৬০০ কোটি টাকা। সব মিলিয়ে গত ১৫ মাসে পোলট্রিশিল্পের ক্ষতি সাড়ে চার হাজার কোটি টাকা।
ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে রহিম খান বলেন, ট্রাকচালকদের ওপর হামলা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা আর পণ্য পরিবহন করতে চাইবেন না। তখন জিনিসপত্রের দাম বেড়ে নাগালের বাইরে চলে যাবে। তিনি জানান, ট্রাক ভাড়া ৬০ শতাংশ বেড়ে গেছে। আগে ২০ হাজার টাকায় চট্টগ্রাম থেকে ঢাকায় পণ্য আনা গেলেও এখন ৮০ হাজার টাকা নিচ্ছেন ট্রাক মালিকেরা।
সংবাদ সম্মেলনে কমিটির নেতারা ব্যবসাবাণিজ্যে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা, সব সময় পোলট্রিশিল্পকে হরতাল-অবরোধের আওতামুক্ত রাখা, চলমান পরিস্থিতিতে পণ্য পরিবহনে বিশেষ নিরাপত্তা এবং ২৫৬ কোটি টাকার ক্ষতি পুষিয়ে উঠতে আর্থিক প্রণোদনা ঘোষণা করার দাবি জানান। একই সঙ্গে তাঁরা আজই প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনকে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পোলট্রিশিল্পের ক্ষয়ক্ষতি জানাতে স্মারকলিপি দেবেন বলে জানান।
বিপিআইসিসি পোলট্রি খাতের সাতটি সংগঠনের সমন্বয়ে গঠিত। সেগুলো হচ্ছে-ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি), ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি), অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব), ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ফিআব), বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিইএ), বাংলাদেশ এগ প্রডিউসারস অ্যাসোসিয়েশন (বিইপিএ) এবং বাংলাদেশ ফিড ইনগ্রিডিয়েন্ট ইমপোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বাফিটা)।