পোলট্রিশিল্পের অস্তিত্ব রক্ষাই এখন প্রধান চ্যালেঞ্জ
এভিয়ান ভাইরাস ইনফ্লুয়েঞ্জার (বার্ড ফ্লু) কারণে পোলট্রিশিল্পে দুর্দিন চলছে। গত কয়েক বছরে অর্ধেকের বেশি পোলট্রি খামার বন্ধ হয়ে গেছে। প্রায় ২৫ লাখ লোক পরোক্ষ ও প্রত্যক্ষভাবে বেকার হয়ে পড়েছে। ২০০৭-০৮ অর্থবছরে এই শিল্পটি দেশের মাংস ও ডিমের বাজার-চাহিদার বেশির ভাগই পূরণ করেছে। আবার ভারত, নেপালসহ বেশ কয়েকটি দেশে মাংস ও ডিম রপ্তানিও শুরু করেছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে এখন দেশের এই সম্ভাবনাময় শিল্পটির অস্তিত্ব রক্ষাই হুমকির মুখে পড়েছে। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) সূত্রে এসব তথ্য জানা গেছে। এমন অবস্থায় চলতি অর্থবছরের জুন মাসেই শেষ হয়ে যাচ্ছে এই শিল্পের কর অবকাশ-সুবিধা। পাঁচ বছর আগে দেশে দেড় লাখ ছোট-বড় খামার ছিল। কিন্তু এই সময়ে দুটি বন্যা, ঘূর্ণিঝড় সিডর ও এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে এর প্রায় ৬০ শতাংশ খামার বন্ধ হয়ে গেছে। এই সমিতির সূত্রে আরও জানা গেছে, আগে এসব খামার থেকে প্রতি সপ্তাহে ৯২ লাখ ব্রয়লার মুরগি বাজারে সরবরাহ করা হতো। কিন্তু এখন প্রতি সপ্তাহে ৪৫ লাখ ব্রয়লার মুরগি পাওয়া যায়। অন্যদিকে লেয়ার বাচ্চা মিলত প্রতি সপ্তাহে ৮ থেকে ১০ লাখ। এখন তা নেমে এসেছে দুই থেকে আড়াই লাখে।অর্ধেকের বেশি খামার বন্ধ হয়ে যাওয়ায় মালিকেরা বিপদে পড়েছেন। যেসব মালিক ব্যাংকঋণ নিয়ে এসব খামার করেছিলেন, তাঁরা সুদ ও আসলের কিস্তি পরিশোধ করতে পারছেন না। জানা গেছে, পোলট্রিশিল্পের দুর্দশার কারণে সাত থেকে আট হাজার কোটি টাকা আটকে আছে। পুঁজির অভাবে ক্ষতিগ্রস্ত খামারিরা নতুন করে খামার করতে পারছেন না। আবার এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রকোপ, ঋণপ্রাপ্তির জটিলতা, ব্যাংকঋণের সুদের হার বেশি থাকায় নতুন করে এই খাতটিতে কেউ বিনিয়োগ করতে উৎসাহিত হচ্ছেন না। এমন প্রেক্ষাপটে ২০১০ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ব্যাংক সুদের হার কমানোসহ ক্ষতিগ্রস্ত খামারিদের যাবতীয় সহযোগিতা দিতে সুপারিশ করেছিল। কিন্তু গত দুই বছরে একটি ব্যাংকও খামারিদের কোনো সহযোগিতা করেনি বলে পোলট্রিশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করেন। এ পর্যন্ত এই শিল্পে প্রায় ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। আর প্রত্যক্ষভাবে কর্মরত আছে প্রায় ৫০ লাখ লোক। সমিতির সূত্রে জানা যায়, বাংলাদেশে মাথাপিছু বার্ষিক মাংস গ্রহণ অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় এক কেজি ৭৫০ গ্রাম থেকে এক কেজি ৮৫০ গ্রাম কম। আর উন্নত ও উন্নয়নশীল দেশে মাথাপিছু বার্ষিক ডিম গ্রহণ ২৫০ থেকে ৩৫০টি। বাংলাদেশে মাথাপিছু ডিম গ্রহণ এখন মাত্র ২৬টি।পোলট্রি অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, বাংলাদেশে মুরগির মাংসের বার্ষিক চাহিদা ২০১৫ সাল নাগাদ ১২ লাখ ৩৭ হাজার মেট্রিক টন হবে। ২০২১ সাল নাগাদ তা বেড়ে দাঁড়াবে ১৮ লাখ মেট্রিক টনে। আর বার্ষিক ডিমের চাহিদা ২০১৫ সাল নাগাদ হবে এক হাজার ৪৮৫ কোটি পিস। ২০২১ সাল নাগাদ বার্ষিক ডিমের চাহিদা হবে দুই হাজার ১৬০ কোটি পিস।