পোলট্রিশিল্পের ক্ষত শুকায়নি
পাঁচ বছর আগের এভিয়ান ইনফ্লুয়েঞ্জার (বার্ড ফ্লু) ক্ষত এখনো শুকায়নি দেশের পোলট্রিশিল্পে। লোকসানের মুখে পড়ে হাজার হাজার খামারি তাঁদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন। পুঁজির অভাবে নতুন করে ব্যবসাও শুরু করতে পারছেন না তাঁরা। এর ফলে চাহিদা অনুযায়ী মাংস ও ডিমের সরবরাহ মিলছে না। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় ব্রয়লার মুরগির বাচ্চার উৎপাদন ৫২ শতাংশ কমেছে। অর্থাৎ মাংসের জন্য যেসব মুরগি দরকার, তার উৎপাদন কমেছে। আর ডিমের জন্য মুরগির বাচ্চা (লেয়ার ডে ওল্ড) উৎপাদন কমেছে একই সময়ে ২১ শতাংশ। এদিকে দেশের কিছু অঞ্চলে আবারও বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গাজীপুর, নোয়াখালী, ফরিদপুর ও রংপুর জেলার কিছু খামারে বার্ড ফ্লুর অস্তিত্ব পাওয়া গেছে। এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে, মূলত দুটি কারণে বার্ড ফ্লু হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, কর্ণাটকসহ দক্ষিণ ভারতের রাজ্যগুলোর খামারে বার্ড ফ্লু ধরা পড়েছে। ভারত থেকে আমদানি করা ডিম ও মুরগির বাচ্চা থেকে বাংলাদেশে আসতে পারে জীবাণু। আর তাপমাত্রা কমে গেলে এমনিতেই খামারে বার্ড ফ্লুর সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের মহাসচিব মনজুর মোরশেদ খান প্রথম আলোকে বলেন, ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এ দেশের পোলট্রিশিল্পের অপূরণীয় ক্ষতি করেছে। গ্রামীণ পর্যায়ে এ শিল্পের বিস্তার ঘটেছিল। ছোট ছোট পুঁজি দিয়ে তরুণেরা ব্যবসা করেছেন। এখন সেসব তরুণের ইচ্ছা থাকলেও তাঁরা ফিরে আসতে পারছেন না।’ মনজুর মোরশেদ খানের মতে, ব্যাংকের উচ্চ সুদের কারণে হারিয়ে যাওয়া উদ্যোক্তারা নতুন পুঁজি পাচ্ছেন না। আবার নতুন করে বার্ড ফ্লুতে আক্রান্ত হলে ভ্যাকসিন দিতে পারবেন না। তাই নতুন করে বিনিয়োগ করে ঝুঁকির মধ্যে যেতে চাইছেন না তাঁরা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ২০০৯ সালের পর থেকে কর অবকাশ সুবিধা প্রত্যাহার করে নেওয়া হয়। তবে সে সময় বছরভিত্তিক কর অবচয়ন সুবিধা রাখা হয়। আর ২০১১-১২ অর্থবছর থেকে পোলট্রিশিল্পের উদ্যোক্তাদের জন্য আর কর অবকাশ সুবিধা নেই। বরং আয়ের ওপর ৫ শতাংশ হারে করারোপ করা রয়েছে। পোলট্রিশিল্পের মালিকেরা করমুক্ত সুবিধা বহাল রাখার দাবি জানিয়ে আসছেন। অর্ধেক খামারি ব্যবসা গুটিয়েছেন: ২০০৭ সালে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব শুরু হওয়ার আগে সারা দেশে প্রায় এক লাখ ৭০ হাজার ছোট-বড় খামারি ছিলেন। এতে প্রায় ৫০ লাখ লোকের কর্মসংস্থান ছিল। কিন্তু বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার পর সারা দেশে খামারগুলোতে নানা ধরনের সব মুরগি নিধন করা হয়। যেসব খামারে ৫০০ থেকে দুই হাজার মুরগির সংস্থান করা যায়, তাঁদের ছোট খামারি হিসেবে ধরা হয়। ২০১২ সালের মধ্যভাগে এসে সারা দেশের মুরগির খামারের সংখ্যা নেমে আসে ৬৫ থেকে ৭০ হাজারে। হারিয়ে যাওয়া বেশির ভাগই ছোট খামারি। আর কর্মসংস্থানের পরিধিও ছোট হয়ে ২৫ লাখে ঠেকেছে। বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের দেওয়া হিসাবে এসব তথ্য পাওয়া গেছে। এই অ্যাসোসিয়েশনের হিসাবমতে, গত পাঁচ বছরে এই শিল্পে প্রায় সাত থেকে ১০ হাজার কোটি টাকার লোকসান হয়েছে। ব্যাপক উৎপাদন হ্রাস: খামারিরা ধীরে ধীরে ব্যবসা গুটিয়ে নেওয়ার পর চাহিদা অনুযায়ী উৎপাদনও কমতে থাকে। এক দিন বয়সী ব্রয়লার মুরগির বাচ্চা সাধারণত মাংসের জন্য উৎপাদন করা হয়। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে ২৮ কোটি ৮৯ লাখ ব্রয়লার মুরগির বাচ্চা উৎপাদিত হয়েছে। গত বছরের একই সময়ে ৬০ কোটি ১৮ লাখ ব্রয়লার উৎপাদিত হয়েছিল। একই সময়ের তুলনায় ৫২ শতাংশ উৎপাদন কমেছে। অন্যদিকে এ বছরের একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) ডিমের জন্য মুরগির বাচ্চা (লেয়ার ডে ওল্ড) উৎপাদিত হয়েছে এক কোটি ৩৯ লাখ। গত বছরের একই সময়ে এক কোটি ৭৫ লাখ ডিমের মুরগির বাচ্চা উৎপাদিত হয়েছিল। উৎপাদন কমেছে ২১ শতাংশ। ডিম উৎপাদক সমিতির সূত্রমতে, প্রতিদিন প্রায় দেড় কোটি ডিমের চাহিদা রয়েছে। আর এখন উৎপাদিত হচ্ছে প্রায় কোটি ডিম। চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় ভোক্তা পর্যায়ে ডিমের দাম বাড়ছে। সমিতির সভাপতি বি আই সিদ্দিক প্রথম আলোকে বলেন, চাহিদার তুলনায় ডিম উৎপাদিত হচ্ছে না। মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ায় খামারিরা উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছেন। আবেদন করেও সরকারি সহায়তা পাওয়া যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। ভ্যাকসিন আমদানির অনুমতি নেই: এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রতিষেধক হিসেবে ভ্যাকসিন আমদানির অনুমতি নেই দেশে। তাই এই ভ্যাকসিন ব্যবহার করতে পারছেন না খামারিরা। তবে চোরাই পথে ভারত থেকে নিম্নমানের ভ্যাকসিন এ দেশে আসে। খামারিরা অনেকটা গোপনে সেই ভ্যাকসিন ব্যবহার করেন বলে জানা গেছে। ইতিমধ্যে পোলট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভ্যাকসিন আমদানির অনুমতি প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। এইচ ফাইভ ও এইচ সেভেন এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন মানুষের শরীরের জন্য ক্ষতিকর নয় বলে দাবি করা হচ্ছে। পোলট্রি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা জানান, এই দুই ধরনের ভ্যাকসিন আমদানির অনুমতি দেওয়া উচিত। চীন, হংকং, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, উত্তর কোরিয়া, মিসর, মেক্সিকো, গুয়াতেমালা, এল সালভাদর, ইতালি ও রাশিয়া এই দুটি ভ্যাকসিন উৎপাদন করে থাকে। ইতিমধ্যে সরকার যুক্তরাষ্ট্রের সিবা বায়োমিয়ন, নেদারল্যান্ডের এমএসডি অ্যানিমেল হেলথ ও চীনের ম্যারিয়েন লানজিন নামের তিনটি প্রতিষ্ঠানের ভ্যাকসিন পরীক্ষামূলক ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে এখনো পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়নি। বড় খামারিরাও বিপদে: এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ার পর ছোট উদ্যোক্তারা ব্যবসা গুটিয়ে নেওয়ার পর বড় খামারিরা লোকসান পুষিয়ে নেওয়ার পাশাপাশি সরবরাহব্যবস্থা সচল রাখতে ও সক্ষমতা বাড়ানোর জন্য খামার সম্প্রসারণ করেছেন। কিন্তু এখন তাঁরা বিপদে পড়েছেন। ভ্যাকসিনের সংকট, খাবারের দাম ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় এখন তাঁদের সক্ষমতা পুরো কাজে লাগাতে পারছেন না। এটাও উৎপাদন কমে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন এই খাতের উদ্যোক্তারা।