পোলট্রিশিল্পের জন্য নীতিমালা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

পোলট্রিশিল্পের জন্য সরকার নীতিমালা তৈরির কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, দেশে মাংসের চাহিদা মিটাতে পোলট্রি ফার্মগুলো ভূমিকা রাখছে। এই শিল্পকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে সরকার পোলট্রিবান্ধব নীতিমালা তৈরির কাজ করছে। এ ছাড়া অল্প কিছুদিনের মধ্যে দীর্ঘমেয়াদি পোলট্রিশিল্প নীতিমালা ঘোষণা করা হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কাজী ফার্মস গ্রুপের পরিবেশক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আজ শনিবার বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিদেশ থেকে চাল আমদানি করতে হচ্ছে না। পোলট্রি ফার্ম থেকে পর্যাপ্ত মুরগি উত্পাদিত হচ্ছে। এখন গ্রামেগঞ্জে এই শিল্প গড়ে উঠেছে। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি ও প্রবাসীদের আয় বেড়েই চলছে। বাংলাদেশ আজ বিশ্বে সম্ভাবনাময় দেশ। একদিন শূন্যহাতে যাত্রা শুরু করেও আজ আস্তে আস্তে আত্মনির্ভরশীল হতে যাচ্ছে বাংলাদেশ।’
কাজী ফার্মস গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক শহিদুল ইসলাম, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নজরুল ইসলাম প্রমুখ।