পোলট্রিশিল্পের ২৫৬ কোটি টাকার ক্ষতি

চলমান হরতাল-অবরোধে পরিবহনব্যবস্থা ভেঙে পড়ায় খামারে উৎপাদিত ডিম ও মুরগি ভোক্তার কাছে পৌঁছানো যাচ্ছে না। ফলে এসবের প্রায় ২৫-৩০ শতাংশই অবিক্রীত থেকে যাচ্ছে। সব মিলিয়ে গত ১৪ দিনে সহিংস রাজনীতির কারণে পোলট্রিশিল্পের ২৫৬ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এমন তথ্য দিয়ে বাংলাদেশ পোলট্রিশিল্প সমন্বয় কমিটির (বিপিআইসিসি) নেতারা বলছেন, বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে পোলট্রিশিল্প ধ্বংস হওয়ার পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়বে। সে জন্য তাঁরা দু-এক দিনের মধ্যেই চলমান রাজনৈতিক সংকটের সমাধান করে দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গতকাল রোববার ‘চলমান রাজনৈতিক অস্থিরতায় পোলট্রিশিল্পের সংকট’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান পোলট্রি খাতের সাতটি সংগঠনের সমন্বয়ে গঠিত বিপিআইসিসি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমন্বয় কমিটির আহ্বায়ক মসিউর রহমান। এ ছাড়া ব্রিডার্স অ্যাসোসিয়েশনের (বিএবি) সভাপতি ফজলে রহিম খান ও পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিইএ) মহাসচিব এম এম খান বক্তব্য দেন।
মসিউর রহমান বলেন, চাইলেই পোলট্রিশিল্পে উৎপাদন বন্ধ রাখা যায় না। কারণ, মুরগি ডিম পাড়বেই। খাবারের জোগান দিতেই হবে। আর নির্ধারিত সময়ে মুরগি বিক্রয়যোগ্য হয়ে উঠবেই। তিনি বলেন, এক দিন বয়সী বাচ্চা, মুরগি ও পশুখাদ্য সরবরাহকারী গাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে। রাস্তায় আটকা পড়ে মারা যাচ্ছে অসংখ্য বাচ্চা। উৎপাদনকারীরা বিক্রি করতে না পেরে সপ্তাহে প্রায় ২২ লাখ মুরগির বাচ্চা মেরে ফেলতে বাধ্য হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ডিম ও ১ হাজার ৭০০ মেট্রিক টন মুরগির মাংস উৎপাদিত হয়। প্রতি সপ্তাহে এক দিন বয়সী মুরগির বাচ্চা উৎপাদিত হয় প্রায় ১ কোটি ১০ লাখ। আর বছরে ২৫ লাখ মেট্রিক টন পশুখাদ্য তৈরি হয়। প্রতিদিন কারখানাগুলোতে উৎপাদিত পশুখাদ্যের চাহিদা ৬ হাজার মেট্রিক টন। আর পোলট্রি খাতে প্রতি মাসে ওষুধের চাহিদা ৩৩০ কোটি টাকার।
এতে আরও জানানো হয়, ৪-১৭ জানুয়ারি পর্যন্ত গত ১৪ দিনে প্রায় সাড়ে ৮ কোটি ডিম, ৭ হাজার মেট্রিক টন মুরগির মাংস ও এক দিন বয়সী ৯৯ লাখ বাচ্চা বাজারজাত করা সম্ভব হয়নি। এই খাতে ন্যূনতম উৎপাদন খরচ হচ্ছে প্রতিটি ডিম সাড়ে পাঁচ টাকা, ব্রয়লার মুরগির বাচ্চা ৩৫ টাকা ও এক কেজি ওজনের মুরগি ১১০ টাকা। সেই হিসাবে গত ১৪ দিনে ডিমে ৪৭ কোটি, মুরগির মাংসে ৭৯ কোটি ও এক দিন বয়সী মুরগির বাচ্চা উৎপাদন খাতে ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া পশুখাদ্যে ৭৩ কোটি, ওষুধে ২০ কোটি এবং গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে প্রায় ২ কোটি টাকার লোকসান হয়েছে।
কমিটির আহ্বায়ক বলেন, ২০১৩ সালের রাজনৈতিক অস্থিরতায় চার হাজার কোটি টাকার ক্ষতি হয়। আর এবারে ইতিমধ্যেই ২৫৬ কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। সেই সঙ্গে ব্যাংকঋণের সুদ ও পরিবহনের বাড়তি খরচ যোগ করলে মোট ক্ষতি দাঁড়াবে ৫০০-৬০০ কোটি টাকা। সব মিলিয়ে গত ১৫ মাসে পোলট্রিশিল্পের ক্ষতি সাড়ে ৪ হাজার কোটি টাকা।
মসিউর রহমান ব্যবসা-বাণিজ্যে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা, পোলট্রিশিল্পকে হরতাল-অবরোধের আওতামুক্ত রাখা, চলমান পরিস্থিতিতে পণ্য পরিবহনে বিশেষ নিরাপত্তা এবং ২৫৬ কোটি টাকার ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে আর্থিক প্রণোদনা ঘোষণার দাবি জানান। একই সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পোলট্রিশিল্পের ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে কমিটির পক্ষ থেকে গতকালই প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসনকে স্মারকলিপি দেওয়ার কথা জানান তিনি। তবে রাতে তিনি বলেন, শুধু প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে পেরেছেন কমিটির নেতারা।
ফজলে রহিম খান বলেন, ট্রাকচালকদের ওপর হামলা হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা আর পণ্য পরিবহন করতে চাইবেন না। তখন জিনিসপত্রের দাম বেড়ে নাগালের বাইরে চলে যাবে। রহিম জানান, ইতিমধ্যে ট্রাকভাড়া ৬০ শতাংশ বেড়ে গেছে। আগে ২০ হাজার টাকায় চট্টগ্রাম থেকে ঢাকায় পণ্য আনা গেলেও এখন ৮০ হাজার টাকা নিচ্ছেন ট্রাক মালিকেরা।
১৪ দিনের লোকসান
(৪-১৭ জানুয়ারি পর্যন্ত)
ডিম ৪৭ কোটি টাকা
মাংস ৭৯ কোটি টাকা
বাচ্চা ৩৫ কোটি টাকা
খাদ্য ৭৩ কোটি টাকা
ওষুধ ২০ কোটি টাকা
উৎপাদনকারীরা বিক্রি করতে না পেরে সপ্তাহে প্রায় ২২ লাখ মুরগির বাচ্চা মেরে ফেলতে বাধ্য হচ্ছেন
গত দুই সপ্তাহের ক্ষতির সঙ্গে ব্যাংক ঋণের সুদ ও পরিবহনের বাড়তি খরচ যোগ করলে মোট ক্ষতি দাঁড়াবে ৫০০-৬০০ কোটি টাকা।
২০১৩ সালের ক্ষতি ৪০০০ কোটি টাকা
সূত্র: বিপিআইসিসি