পোশাক ও বস্ত্র খাতের দুটি প্রদর্শনী শুরু

রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় পোশাক ও বস্ত্র খাতের চার দিনব্যাপী দুটি প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনী দুটোতে স্বাগতিক বাংলাদেশসহ চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভারত প্রভৃতি দেশের প্রায় ১৮০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
প্রদর্শনী দুটিতে সুতা, ডেনিম, নিটেড ফেব্রিকস, ফ্লিস, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, আর্টিফিশিয়াল লেদার বা কৃত্রিম চামড়া, এমব্রয়ডারি, বাটন, জিপার, লিনেন ইত্যাদি পণ্য প্রদর্শিত হচ্ছে। এ প্রদর্শনীতে এক ছাদের নিচে বস্ত্র এবং তৈরি পোশাক খাতের উদ্যোক্তা, ক্রেতা, আমদানিকারক ও সরবরাহকারীদের সম্মিলন ঘটবে বলে আয়োজকেরা আশা করছেন।
সেমস্ গ্লোবাল ইউএসএ ও চীনা প্রতিষ্ঠান সিসিপিআইটি টেক্স চায়নার যৌথভাবে ‘১১তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০১৭’ ও ‘ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০১৭’ শীর্ষক এ দুটি প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদর্শনী দুটির উদ্বোধন অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম প্রধান অতিথি এবং ভারপ্রাপ্ত বস্ত্র ও পাটসচিব শুভাশীষ বসু, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সহসভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দীন, পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং ও সিসিপিআইটি টেক্স চায়নার মহাসচিব ঝাং টো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আয়োজকেরা আশা করছেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো দেশের পোশাকশিল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে।
প্রদর্শনী দুটি প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। বিজ্ঞপ্তি