পোশাক কারখানা পরিদর্শনের প্রতিবেদন প্রকাশ অ্যাকর্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক কারখানা পরিদর্শনের প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ (অ্যাকর্ড)। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

এতে স্বাগত বক্তব্য দেন অ্যাকর্ডের নির্বাহী পরিচালক রব ওয়েজ। প্রতিবেদনের সারমর্ম তুলে ধরেন প্রধান নিরাপত্তা পরিদর্শক ব্র্যাড লয়েন।

অ্যাকর্ড গত ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে ১০টি কারখানা পরিদর্শন করে। এগুলো হলো আলিফ গার্মেন্টস, আনলিমা টেক্সটাইল, বিগ বস করপোরেশন, ড্রাগন সোয়েটার বাংলাদেশ, ফ্যাশন আইসল্যান্ড, গ্রামীণ নিটওয়্যার, মজুমদার ফ্যাশনস, রেড পয়েন্ট জ্যাকেট, রিও ফ্যাশন ওয়্যার অ্যান্ড রিও ডিজাইন ও ভিয়েলাটেক্স।

ব্র্যাড লয়েন বলেন, পরিদর্শনের সময় ভবনের অবকাঠামোগত দিক, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নিরাপত্তার জন্য হুমকি এমন ত্রুটি চিহ্নিত করে প্রত্যেক কারখানার জন্য আলাদা তিনটি করে মোট ত্রিশটি প্রতিবেদন তৈরি করা হয়। এতে প্রতিকার বা সংস্কার করতে গুরুত্ব ভেদে তিন থেকে ছয় মাস পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

অ্যাকর্ডের এই কর্মকর্তা বলেন, সব কারখানার ত্রুটি প্রায় একই রকম। ভবনের কাঠামোগত সমস্যা আছে। সক্ষমতার চেয়ে বেশি ওজনের পণ্য ও যন্ত্রপাতি আছে কারখানাগুলোতে। বৈদ্যুতিক তারের সংযোগগুলো নিরাপদ নয়। ফায়ার অ্যালার্ম নেই। দ্রুত বহির্গমন সিঁড়ি যথেষ্ট প্রশস্ত নয়। এমনকি বহির্গমন দরজায় ফায়ার ডোর নেই।

রব ওয়েজ বলেন, প্রত্যেকের জন্যই নিরাপদ কারখানা দরকার। আর এটি নিশ্চিত হলে শ্রমিক, মালিক থেকে শুরু করে পুরো দেশই উপকৃত হবে।

রব ওয়েজ বলেন, ‘কারখানা সংস্কারে প্রাথমিকভাবে সব ব্যয়ভার উদ্যোক্তাদের নিতে হবে। তবে কোনো মালিকের সামর্থ্যের বাইরে হলে সংশ্লিষ্ট ব্রান্ডের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে। অবশ্য সে ক্ষেত্রে মালিক কতটুকু পারবেন, সেটি আমরা দেখব।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অ্যাকর্ডের নির্বাহী পরিচালক বলেন, ‘আমরা কোনো কারখানা বন্ধ করতে চাই না। তার পরও কোনো কারখানা পরিদর্শনের পর সাময়িকভাবে বন্ধ বা স্থানান্তর করতে হবে সে ক্ষেত্রে কারখানা মালিকদেরই দায়িত্ব নিতে হবে। শ্রমিকদের ক্ষতিপূরণের দেওয়ার দায়িত্ব মালিককেই নিতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটির সদস্য রায় রমেশ।