পোশাক কারখানা সংস্কারে জাইকার ১০০ কোটি টাকার তহবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উন্নয়নে ইতিমধ্যেই দেওয়া জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ১০০ কোটি টাকা এখন দেশের ঝুঁকিপূর্ণ তৈরি পোশাক কারখানা সংস্কারে দেওয়া হচ্ছে।বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেশের এসএমই খাত উন্নয়নে জাইকা ৪০০ কোটি টাকার তহবিল জোগান দিয়ে রেখেছিল। ব্যাংকগুলো ওই তহবিল থেকে ৫ শতাংশ হার সুদে অর্থ নিয়ে সর্বোচ্চ ১০ শতাংশ সুদে গ্রাহককে ঋণ দিচ্ছে। এখন এই ৪০০ কোটি টাকার তহবিল থেকে ১০০ কোটি টাকা দেওয়া হবে দেশের ঝুঁকিপূর্ণ পোশাকশিল্প কারখানার সংস্কারে। এই তহবিলের আওতায় একজন গ্রহীতা খরচের ৯০ শতাংশ বা ১০ কোটি টাকা, এর মধ্যে যেটি কম সেই পরিমাণ ঋণ নিতে পারবেন। গতকাল বৃহস্পতিবার জাইকা তহবিলের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব আলোচনা হয়।বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অতিথি ছিলেন জাপানি রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেন এবং জাইকার বাংলাদেশপ্রধান তাকাও তোদা।অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) সুকোমল সিংহ চৌধুরী। এ সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব অরিজিত চৌধুরী, পোশাকশিল্প মালিক সমিতি বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম, বিকেএমইএর সহসভাপতি মোস্তফা জামালসহ বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে গভর্নর বলেন, ঝুঁকিপূর্ণ কারখানা সংস্কারের জন্য জাইকার তহবিল থেকে মোট খরচের ৯০ শতাংশ পর্যন্ত অর্থ নেওয়া যাবে। তবে সেই অর্থের পরিমাণ ১০ কোটি টাকার বেশি হবে না। পোশাক খাতের বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য কারখানাগুলোতে ১০০ থেকে দুই হাজার শ্রমিক কাজ করলে সেসব কারখানায় এই অর্থ দেওয়া হবে। পিডব্লিউডি ও জাইকার প্রকৌশলীরা ভবনের ঝুঁকি ও খরচের বিষয়টি নির্ধারণের পর ব্যাংক থেকে অর্থ ছাড় করা হবে।গভর্নর বলেন, রানা প্লাজা ধসের পর দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্তদের নানাভাবে সহায়তা দিচ্ছে। এরই মধ্যে আর্থিক খাতের সব প্রতিষ্ঠান প্রত্যেকের এক দিনের বেতন এবং সিএসআরের আওতায় ক্ষতিগ্রস্তদের জন্য ৯০ কোটি টাকা দিয়েছে। জাপানি রাষ্ট্রদূত শিরো সাদোশিমা বলেন, পোশাক কারখানাগুলোর ভবনের মান উন্নয়ন জরুরি। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপান এ ক্ষেত্রে পাশে থাকবে। পোশাক খাতে চালু করা ১০০ কোটি টাকার তহবিলটি সফলভাবে পরিচালিত হবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, পোশাক খাতের জন্য এটি পাইলট ভিত্তিতে চালু হলো। এর সফলতার ওপর আরও তহবিল দেওয়ার বিষয়টি নির্ভর করবে। ভবনগুলোর মানোন্নয়নের পাশাপাশি এগুলোকে তদারকির মধ্যে আনতে হবে বলে মত দেন তাকাও তোদা।সভায় বিজিএমইএ ও বিকেএমইর পক্ষ থেকে এ ধরনের তহবিল চালুর সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়।