পোশাক কারখানা সংস্কারে ৩৮৫ কোটি টাকার ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তৈরি পোশাক কারখানার সংস্কারকাজের জন্য প্রথমবারের মতো ঋণের ব্যবস্থা করল উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি। সব মিলিয়ে ঋণের পরিমাণ পাঁচ কোটি মার্কিন ডলার বা ৩৮৫ (প্রতি ডলার ৭৭ টাকা হিসাবে) কোটি টাকা।
দেশের পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে পোশাক কারখানামালিকেরা এই ঋণ নিতে পারবেন। এসব ব্যাংক হচ্ছে ইবিএল, ব্র্যাক, প্রাইম, দ্য সিটি ও ইউসিবি।
এ ঋণের ব্যাপারে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে সমঝোতা চুক্তি করেছে অ্যালায়েন্স। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে গত মঙ্গলবার অ্যালায়েন্সের নিজস্ব ওয়েবসাইটে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ‘বাংলাদেশ আরএমজি এসইএফ সেফটি রেমিডিয়েশন ফাইন্যান্সিং প্রোগ্রাম’ নামে এই ঋণ সুবিধা পরিচালিত হবে। পাঁচটি ব্যাংকই এক কোটি ডলার করে মোট পাঁচ কোটি ডলারের সাশ্রয়ী সুদহারে তিন থেকে পাঁচ বছর মেয়াদে কারখানামালিকদের এই ঋণ দেবে।’
অ্যালায়েন্সের ঢাকা কার্যালয় জানায়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনসহ পুরো প্রক্রিয়াটি শেষ হতে দু-এক মাস লাগবে। আর ঋণের সুদহার কত হবে সেটি আইএফসি নির্ধারণ করবে।
অ্যালায়েন্সের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যালেন টশার এ বিষয়ে এক বিবৃতিতে বলেন, ‘আইএফসির সঙ্গে আমাদের এই উদ্যোগটি কারখানার সংস্কারকাজ সম্পন্ন ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মালিকদের সাহায্য করবে।’
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা দীর্ঘদিন ধরে কারখানার সংস্কারকাজের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে ক্রেতাদের দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সকে চাপ দিয়ে আসছিলেন। এ বিষয়ে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড এখন পর্যন্ত নীরব আছে। তবে অ্যালায়েন্স উদ্যোগ নেওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে বিজিএমইএ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, ‘উদ্যোগটি একদিকে পোশাক কারখানার উদ্যোক্তাদের সংস্কারকার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবে। অন্যদিকে খাতটির লাখ লাখ শ্রমিক উপকৃত হবেন।’
জানতে চাইলে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘সংস্কারকাজ নিয়ে কারখানামালিকেরা চাপে আছেন। অ্যালায়েন্সের এই উদ্যোগ তাঁদের চাপ থেকে মুক্ত হতে সহায়তা করবে।’ অ্যালায়েন্সের বিবৃতিতে ঋণের সুদের হার কত হবে সেটি উল্লেখ করা হয়নি। এ বিষয়ে তিনি বলেন, ‘আশা করছি, খুবই কম সুদে এই ঋণ পাওয়া যাবে।’
২০১৩ সালে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে এক হাজার ১৩৬ জন পোশাককর্মী মারা যান। এ ঘটনার আড়াই মাস পর ১০ জুলাই কারখানার কর্মপরিবেশ উন্নয়নে উত্তর আমেরিকার পোশাক কোম্পানি, খুচরা বিক্রেতা ও ব্র্যান্ড সম্মিলিতভাবে অ্যালায়েন্স গঠন করে। এতে ২৬টি ব্র্যান্ড পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়। ৭৮৭টি পোশাক কারখানা পরিদর্শন শেষে ফলোআপ পরিদর্শনও শেষ হয়েছে ৫২৭টি কারখানায়।
একজন মালিক কত টাকা পর্যন্ত ঋণ পাবেন—জানতে চাইলে অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন প্রথম আলোকে বলেন, ‘একেকটি কারখানায় সংস্কারকাজের জন্য চার লাখ ডলারের বেশি লাগার কথা নয়। যাচাই-বাছাই করে ঋণ দেওয়া হবে।’ বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘কারখানার অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা এবং ভবনের কাঠামোগত দিক পরিদর্শনের পর সংশোধন কর্মপরিকল্পনা (ক্যাপ) অনুমোদন করে থাকে অ্যালায়েন্স। সে অনুযায়ী কারখানার প্রাক্কলিত ব্যয় ও কারিগরি বিষয়ে ব্যাংককে পরামর্শ দেওয়া হবে।’
অ্যালায়েন্সের মতো অ্যাকর্ড যাতে একই ধরনের ঋণের ব্যবস্থা করে এমন আহ্বান জানাবেন কি না জানতে চাইলে আতিকুল ইসলাম বলেন, ‘এখনই নয়। আগে আমরা দেখি, অ্যালায়েন্সের ঋণটির ব্যবস্থাপনা কেমন হয়।’ তবে আপতত এ উদ্যোগকে দেশের পোশাকশিল্পের জন্য ইতিবাচক বলেই উল্লেখ করেন তিনি।
অবশ্য বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, ‘আমরা আশা করব, অ্যালায়েন্সের মতো অ্যাকর্ডও স্বল্প সুদে কারখানা সংস্কারের জন্য ঋণ দেবে। অ্যাকর্ডের সদস্য কারখানার সংখ্যা বেশি হওয়ায় সেটিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’