পোশাক কারখানার নিরাপত্তায় বাদ সেধেছিল ওয়ালমার্ট!
বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোয় বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তা বাড়ানোর একটি উদ্যোগে বাদ সেধেছিল ওয়ালমার্ট। বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠানটি নিরাপত্তার জন্য কারখানাগুলোকে সহায়তা করতে বাড়তি অর্থ দেওয়ার ক্ষেত্রে এই বাধা তৈরি করে।নিউইয়র্ক টাইমস পত্রিকায় গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, তাজরীন ফ্যাশনসের কারখানা থেকে পাওয়া নথিপত্রে এ বিষয়টি উঠে এসেছে। গত ২৪ নভেম্বর রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তাজরীন ফ্যাশনস ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১১১ জন শ্রমিকের প্রাণহানি ঘটে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১১ সালের এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠিত একটি বৈঠকের কার্যবিবরণী থেকে জানা যায়, বাংলাদেশি পোশাকের বিদেশি ক্রেতাদের কাছ থেকে কারখানার বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তার জন্য বাড়তি অর্থ আদায়ের প্রস্তাবে ওয়ালমার্টের প্রতিনিধি আপত্তি জানিয়েছিলেন।বাংলাদেশের তৈরি পোশাক কারখানার নিরাপত্তাব্যবস্থা নিয়ে ওই বৈঠকে অংশ নেওয়া দুই কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, কারখানার বিদ্যুৎ ও অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে ‘গ্লোবাল রিটেইলারদের’ কাছ থেকে বাড়তি অর্থ আদায়ের একটি উদ্যোগ থামাতে মূল ভূমিকা রাখেন ওয়ালমার্টের প্রতিনিধি।আমস্টারডামভিত্তিক ক্লিন ক্লথস ক্যাম্পেইনের আন্তর্জাতিক সমন্বয়কারী ইনেকে জেলডেনরাস্টকে উদ্ধৃত করে বলা হয়, বৈঠকে ওয়ালমার্ট ওই উদ্যোগের সবচেয়ে বেশি বিরোধিতা করে।বৈঠকটিতে বিশ্বের বিভিন্ন দেশের খুচরা বিক্রেতা, বাংলাদেশের কারখানামালিক, সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।নিউইয়র্ক টাইমস বলছে, বৈঠকের কার্যবিবরণীতে আছে যে ওয়ালমার্টের এথিকাল সোর্সিং পরিচালক শ্রীদেবী কালাভাকোলানুসহ আরও কয়েকজন বৈঠকে বলেন, বাংলাদেশের প্রায় সাড়ে চার হাজার পোশাক কারখানার বৈদ্যুতিক ব্যবস্থা ও অগ্নিকাণ্ড প্রতিরোধ ব্যবস্থার উন্নতি ঘটানো বেশির ভাগ ক্ষেত্রেই ‘বিশাল ও ব্যয়বহুল’ হবে। আর এই বিনিয়োগ করা ব্র্যান্ডগুলোর জন্য আর্থিকভাবে বাস্তবসম্মত হবে না।এ ব্যাপারে ওয়ালমার্টের মুখপাত্র কেভিন গার্ডনার নিউইয়র্ক টাইমসকে বলেন, বাংলাদেশে ওই ওয়ালমার্ট কর্মকর্তার এ মন্তব্য ‘অপ্রাসঙ্গিক’।ওয়ালমার্ট বাংলাদেশ সরকার, কারখানা ও সরবরাহকারীদের সঙ্গে অগ্নিনিরাপত্তা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন ওই মুখপাত্র।পত্রিকাটি আরও লিখেছে, ওয়ালমার্টকে পোশাক সরবরাহকারী তিনটি মার্কিন কোম্পানি তাজরীন ফ্যাশনসকে দিয়ে কাজ করাচ্ছিল।বাংলাদেশের কয়েকটি শ্রমিক সংগঠনের মাধ্যমে পত্রিকাটির হাতে প্রতিষ্ঠানটির যে নথিপত্র এসেছে, তাতে দেখা যায়, ওই কারখানা থেকে প্রায়ই ওয়ালমার্টের জন্য পোশাক বানিয়ে নিতেন সরবরাহকারীরা।গত সেপ্টেম্বরের একটি উৎপাদন প্রতিবেদন অনুযায়ী, কারখানার ১৪টি উৎপাদন পর্যায়ের মধ্যে পাঁচটি নিয়োজিত ছিল ওয়ালমার্টের পোশাক প্রস্তুতের কাজে।নথিপত্রের সঙ্গে যুক্ত ছবিতে দেখা যায়, ওয়ালমার্টের জন্য তাজরীন ফ্যাশনস থেকে শার্ট, শর্টস আর ট্রাউজার তৈরি করত মার্কিন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডিরেক্ট গ্রুপ, সাকসেস অ্যাপারেলস ও টপসন ডাউনস।