পোশাক কারখানার পরিদর্শন কাজে সমন্বয় থাকছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিক নিহত হওয়া পর বাংলাদেশের অন্তত পাঁচটি সংস্থা দেশের পাঁচ হাজার ৬০০ তৈরি পোশাক কারখানার নিরাপত্তা পরিস্থিতি যাচাই করার জন্য কাজ শুরু করেছে। এসব সংস্থা থেকে প্রতিনিধিদল সরেজমিনে কারখানাগুলোর ভবন ও অবকাঠামো পরিদর্শন করছে।কিন্তু এই কাজে সংস্থাগুলোর মধ্যে সামান্যই সমন্বয় আছে। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও সঠিকভাবে বলতে পারছেন যে এ পর্যন্ত ঠিক কতগুলো কারখানা পরিদর্শন করা হয়েছে। আর তাই পরিদর্শন করা কারখানার সংখ্যা ৬০ থেকে ৩৪০টি বলে হিসাব পাওয়া গেছে।বার্তা সংস্থা রয়টার্স গতকাল সোমবার এক প্রতিবেদনে এসব কথা বলেছে। এতে আরও বলা হয়েছে, যখন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পোশাক ক্রয়কারী ইউরোপ ও আমেরিকার প্রতিষ্ঠানগুলো নয় থেকে ১২ মাসের মধ্যে এসব কারখানা পরিদর্শন সম্পন্ন করার বিষয়ে আশাবাদী, তখন বাংলাদেশের সরকারি কর্মকর্তারা মনে করছেন যে এই কাজ শেষ হতে পাঁচ বছর সময় লেগে যেতে পারে। রয়টার্স বলছে, বাংলাদেশে ২০০ জনের কম দক্ষ কারখানা পরিদর্শক রয়েছেন।বার্তা সংস্থাটির প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের কোথাও পরিদর্শনের প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবল নেই। বরং কোনো কোনো কারখানা একাধিকবার পরিদর্শন করা হলেও বেশির ভাগ কারখানা কখনো পরিদর্শন হয়নি।ওয়াল-মার্ট, টেসকো ও এইচঅ্যান্ডএমকে পোশাক সরবরাহকারী ব্যাবিলন গার্মেন্টেস কর্তৃপক্ষ রয়টার্সকে জানিয়েছে যে এ বছর তাদের কারখানায় ছয়টি নিরাপত্তা পরিদর্শন দল এসেছে। ওয়াল-মার্টের নিযুক্ত প্রতিষ্ঠান ব্যুরো ভারিতাস এবং টেসকোর পক্ষে সেডেক্সের পাশাপাশি বাংলাদেশের বস্ত্র মন্ত্রণালয় ও তৈরি পোশাক শিল্প মালিক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকেও কারখানা ভবন পরিদর্শন করা হয়।ব্যাবিলনের অন্যতম পরিচালক এমদাদুল ইসলাম রয়টার্সকে বলেন, প্রতিবার পরিদর্শকেরা আসে আর কারখানার ব্যবস্থাপকদের তাঁদের নিয়ে ব্যস্ত থাকতে হয়। পরিদর্শন দলগুলো একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখে না বা কথা বলে না বলে তিনি জানান।প্রতিবেদনে বিজিএমইএকে পোশাকশিল্প মালিকদের ‘ক্ষমতাবান সংগঠন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিজিএমইএর অতিরিক্ত সচিব শামসুল হক এ প্রসঙ্গে রয়টার্সকে বলেছেন, ‘আমরা নিজেরা স্বাধীনভাবে কারখানা ভবনগুলো পরিদর্শন করতে চাই। তবে সমন্বয়হীনতা জন্য কোনোভাবেই আমাদের সংগঠনকে দায়ী করা যায় না। এটা সরকারকে দেখতে হবে।’রয়টার্সকে বিজিএমইএ জানিয়েছে যে তাদের ১০ জন পরিদর্শক আছেন। আর তাঁরা ৪০০টি কারখানা পরিদর্শন করে ২০টি বন্ধ করে দিয়েছেন। ডিসেম্বরের মধ্যে সংগঠনের সদস্যরা দুই হাজার ৫০০ কারখানা পরিদর্শন শেষ করবে। এ জন্য অবশ্য প্রতিদিন গড়ে ১২টি পরিদর্শন সম্পন্ন করতে হবে এবং তিন-চারজন পরিদর্শককে কমপক্ষে তিন ঘণ্টা করে কাজ করতে হবে প্রতিটি কারখানা পরিদর্শনে।অন্যদিকে ভবনের অবকাঠামোগত নিরাপত্তা যাচাইয়ে বুয়েটের কারিগরি দক্ষতা থাকলেও লোকবলের ঘাটতি আছে, ঘাটতি আছে উন্নতর যন্ত্রপাতির।বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ মুজিবুর রহমান রয়টার্সকে বলেন, ‘আমাদের আরও উন্নততর সরঞ্জামাদি দরকার। সেই সঙ্গে যদি লোকবল দ্বিগুণ করা যায়, তাহলে ১৮ মাসের মধ্যে সব কারখানার প্রাথমিক যাচাই সম্পন্ন করা সম্ভব।’ বর্তমানে পরিদর্শনকাজে ৩০ জন লোক কাজ করছে।