পোশাক কারখানার মালিকেরা সামনে অন্ধকার দেখছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: তাজরীনের পর পোশাকশিল্পে আবার বিরাট দুর্ঘটনা ঘটল। অনেক শ্রমিকের প্রাণহানি। বলা হচ্ছে, ঝুঁকিপূর্ণ ভবনে এক রকম ডেকে নিয়ে শ্রমিকদের হত্যা করা হয়েছে। বিষয়টিকে বিজিএমইএ কীভাবে দেখছে? শহিদউল্লাহ আজিম: তাজরীনের রেশ এখনো চলছে। সেটি আমরা কাটিয়ে উঠতে শুরু করছিলাম। এর মধ্যেই এ বিরাট দুর্ঘটনা ঘটল। আমরা মর্মাহত। শোকে স্তব্ধ। তবে তাজরীনের মতোই সাভারের ঘটনাটিকেও আমরা সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব দিয়ে মোকাবিলা করছি। আহত ব্যক্তিদের সুচিকিৎসা এবং নিহত পরিবারের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়া নিয়ে সমিতি কাজ করছে। দোষী ভবন মালিক ও কারখানার মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। পাঁচ কারখানার সদস্যপদ স্থগিত করে তাদের সব কার্যক্রম ইতিমধ্যে বন্ধ করেছে বিজিএমইএ। প্রথম আলো: সাভারের ঘটনার জন্য ভবনের মালিক ও কারখানার মালিককে দায়ী করা হচ্ছে। এখানে বিজিএমইএর কি কোনো দায় নেই? শহিদউল্লাহ আজিম: ভবন ফাটলের কথা জানার পর ওই মালিকদের বিজিএমইএ মৌখিকভাবে কারখানা বন্ধ রাখার নির্দেশ দেয়। সমিতির একটি প্রতিনিধিদল সেই কারখানাগুলো পরিদর্শন করে বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে বলে। বিশেষজ্ঞরা অনুমতি দিলেই কারখানা খোলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কারখানার মালিকেরা সমিতির এ নির্দেশ মানেননি। এখানে আসলে বিজিএমইএকে সরাসরি দায়ী না করে সবাইকে দায়িত্ব নিতে হবে। কারণ, কোনো একটি কারখানার অনুমতি পেতে প্রথমে রাজউক, ফায়ার সার্ভিসসহ মোট ১৯টি সরকারি প্রতিষ্ঠানের সনদ নিতে হয়। তার পরই কেবল বিজিএমইএ সনদ দেয়। তাই সবারই কমবেশি দোষ আছে। সব প্রতিষ্ঠানের কর্মকর্তারা যদি দুর্নীতি না করে প্রতিটি কারখানা সশরীরে পরিদর্শন করে কারখানাগুলোকে সনদ দেন, তবে সমস্যাটা কম হবে। প্রথম আলো: কোনো একটি পোশাক কারখানায় দুর্ঘটনা ঘটলেই দেখা যায়, বিজিএমইএ তৎপর হয়। তারপর আবার থেমে যায়। আসলে কী বিষয়টি লোক দেখানো? শহিদউল্লাহ আজিম: বর্তমানে যে অবস্থা চলছে, সেভাবে ব্যবসা করা যাবে না। আগের দিন আর নেই। আমরা ধাক্কা খেয়ে শিখেছি। ভবন নির্মাণবিধি মানতে হবে। ভবনের ছাদে ২৫ শতাংশ জায়গা খোলা রাখতে হবে। এসব না করে কারখানার অনুমতি নিতে এলে কোনো ধরনের সুপারিশ করা হবে না। এসব ব্যাপারে আমরা আরও বেশি কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই বিজিএমইএর উদ্যোগ লোক দেখানো নয়। আমরা ইতিমধ্যে সাড়ে তিন হাজার মধ্যম সারির কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছি। টাস্কফোর্স গঠন করা হয়েছে। তবে এসব কাজ একটি একটি করে করতে সময় লাগছে। কিন্তু কারখানার নিরাপত্তায় কোনো ফাঁক না রাখার বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।প্রথম আলো: তাজরীনের ঘটনা, জিএসপি নিয়ে টানাপোড়েন এবং সর্বশেষ সাভারের ঘটনা। এসব ঘটনায় দেশের তৈরি পোশাকশিল্পের ভবিষ্যৎ এখন কোন পথে? শহিদউল্লাহ আজিম: সাম্প্রতিক হরতাল আর রাজনৈতিক সহিংসতায় এমনিতে আমরা চ্যালেঞ্জের মুখে আছি। ক্রেতারা অন্য দেশে চলে যাচ্ছেন। অনেকে আবার বাংলাদেশকে বাদ দিয়ে তৃতীয় কোনো দেশ খুঁজছেন। সাভারের ঘটনার পর পোশাক কারখানার মালিকেরা সামনে এখন শুধুই অন্ধকার দেখছেন। ইতিমধ্যে সারা বিশ্বে নেতিবাচক বার্তা চলে গেছে। বিদেশি ক্রেতারা দুশ্চিন্তাগ্রস্ত। তবে এ দুরবস্থা কাটিয়ে উঠতে ও শিল্পকে বাঁচিয়ে রাখতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। ধৈর্য ধরতে হবে। প্রথম আলো: সাভারের আহত-নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়ে বিজিএমইএর চিন্তাভাবনা কী?শহিদউল্লাহ আজিম: অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে প্রাথমিকভাবে আমরা আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার ওপরই বেশি জোর দিচ্ছি। ওই পাঁচ মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। এছাড়া ক্রেতাদের কাছে এ বিষয়ে সাহায্য চাওয়া হবে। [সাক্ষাৎকার নিয়েছেন: শুভংকর কর্মকার]