পোশাক কারখানায় শ্রমসংঘ চালুর পরামর্শ দিলেন মন্ত্রী
মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক রক্ষায় তৈরি পোশাক শিল্পকারখানায় শ্রমসংঘ (ট্রেড ইউনিয়ন) স্থাপনের পক্ষে মত দিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মন্ত্রী মালিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা মনে করেন ট্রেড ইউনিয়ন দিলে সব ধ্বংস হয়ে যাবে। এটা ঠিক নয়। পৃথিবীর বহু দেশেই ট্রেড ইউনিয়ন চালু রয়েছে।’মন্ত্রী গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘শিল্পায়নের পূর্বশর্ত: শ্রমিক মালিক সুসম্পর্ক’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খবর ইউএনবির।এ সময় শ্রমমন্ত্রী আরও বলেন, পোশাকশিল্পে অসন্তোষ বা বিক্ষোভ দেখা দিলে মালিকপক্ষের সঙ্গে সহজেই কথা বলা যায়। কিন্তু শ্রম সংঘ না থাকায় শ্রমিকদের যথাযথ প্রতিনিধি পাওয়া যায় না, ঠিকমতো কথাও বলা যায় না।মোশাররফ বলেন, সরকার শ্রম আইন ২০০৬ সংশোধনের জন্য কাজ করে যাচ্ছে। শ্রমিক-মালিক এবং সরকারপক্ষ না হয়ে অংশীদার হিসেবে কাজ করলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়ন নিশ্চিত করা সম্ভব। তিনি বেসরকারি উদ্যোগে শ্রমিকদের জন্য ডরমেটরি স্থাপনের জন্য মলিকপক্ষকে সাধুবাদ জানান।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ তৈরি পোশাকশিল্প মালিক সমিতির সবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী। বিকেএমইর সাবেক সহসভাপতি এম এ বাসেত, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আকতার নির্ধারিত আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন। সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহীম।মুক্ত আলোচনায় ঢাকা চেম্বারের সাবেক সভাপতি এ এস এম কাসেম, রাশেদ মাকসুদ খান, বিজিএমইএর পরিচালক এস এইচ চৌধুরী, ডিসিসিআই পরিচালক খাইরুল মজিদ মাহমুদ, এম আবু হোরায়রা, সাবেক ঊর্ধ্বতন সহসভাপতি আব্দুস সালাম, কনভেনর শোয়েব চৌধুরী, কো-কনভেনর নাসির উদ্দিন এ ফেরদৌস অংশ নেন।ডিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি টি আই এম নূরুল কবীর, সহসভাপতি নাসির হোসেন, পরিচালক হোসেন এ শিকদার, নিয়াজ রহিম, মাহাবুব আনাম, কে এম এন মনজুরুল হক, মো. নাসিরউদ্দিন খান, মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সাবেক সহসভাপতি মো. আলাউদ্দিন মালিক এ সময় উপস্থিত ছিলেন।