পোশাক ক্রেতারা আতঙ্কিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির এক ক্রেতার সঙ্গে ক্রয়াদেশ (অর্ডার) নিয়ে গতকাল রোববার রাতে মিতালী ফ্যাশনের মালিক সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহর একটি বৈঠক ছিল। মাস খানেক আগেই এই সময়সূচি নির্ধারণ করা হয়। তবে গতকাল সকালে হঠাৎ করেই বিদেশি ওই ক্রেতা তা বাতিল করে আবদুল্লাহর মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেন।
রাজধানীর মেরুল বাড্ডায় গত শনিবার জামায়াত-শিবিরের তাণ্ডবের মুখে পড়েন স্পেনের কয়েকজন পোশাক ক্রেতা। এ ঘটনায় বর্তমানে দেশে অবস্থানরত বিদেশি ক্রেতাদের মধ্যে একধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর তাই জার্মানির ওই ক্রেতা বৈঠক বাতিল করে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করলেন ইউসুফ আবদুল্লাহ।
মিতালী ফ্যাশনের এই মালিক গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘ওই ক্রেতার সঙ্গে সাত-আট বছর ধরে ব্যবসা করছি। তিন দিন আগে তিনি দেশে বাংলাদেশে এসেছেন। গতকালের বৈঠকে ৩৫ লাখ ডলারের একটি কার্যাদেশ চূড়ান্ত হওয়ার কথা ছিল। তা ছাড়া ওই ক্রেতার ১৫ লাখ ডলারের তৈরীকৃত পোশাক নিয়ে একটু সমস্যা চলছে। সেটিও মীমাংসা হয়ে যেত।’
পোশাকশিল্পের মালিকদের দুই সমিতি বিজিএমইএ ও বিকেএমইএর কয়েকজন নেতার দাবি, চলমান রাজনৈতিক অস্থিরতায় এমনিতেই বিদেশি ক্রেতারা কম আসছেন। আর শনিবারের ঘটনার পর ক্রেতাদের মনোভাব হলো, যথেষ্ট হয়েছে, আর এ দেশে নয়।
ক্রেতাদের এই মনোভাব জোরদার হতে থাকলে বাংলাদেশের অনেক ক্রয়াদেশই অন্য প্রতিযোগী দেশে চলে যাবে, এমন আশঙ্কা করছেন শিল্পমালিকেরা।
এদিকে হামলার শিকার হওয়া স্প্যানিশ ক্রেতা প্রতিষ্ঠান জেএইচকে ট্রেডার্সের সাতজন ক্রেতা গতকাল সকালে নিজ দেশে ফিরে গেছেন বলে নিশ্চিত করেন বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম।
এ বিষয়ে মোহাম্মদ হাতেম বলেন, ‘ক্রেতারা দেশে ফেরার পর এটি পুরো ইউরোপে ছড়িয়ে পড়বে। তখন অন্য ক্রেতারা বাংলাদেশে আসতে চাইবেন না।’ শনিবারের ঘটনায় দেশের পোশাকশিল্প ব্যবসার বিরাট ক্ষতি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘এখন ক্রেতাদের দেশে আসার সময়। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে এ বছর তাঁরা কম আসছেন। সিঙ্গাপুর ও হংকংয়ে ডেকে নিয়ে কার্যাদেশ দিচ্ছেন।’
তবে এতটা আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করেন একাধিক শিল্পমালিক। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রথম আলোকে বলেন, ‘প্রয়োজনের চেয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। বড় ক্রেতা প্রতিষ্ঠানের অফিস ঢাকায় আছে। ফলে অনেক ক্রেতা স্বাভাবিকভাবেই বাংলাদেশে আসেন না।’ তিনি আরও বলেন, ‘বিজিএমইএ ও বিকেএমইএর কিছু নেতা সব সময়ই ব্যবসা চলে যাওয়ার রব তোলেন। তাজরীনে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের পরও তাঁরা এমনটি করেছেন। আর সেটি যদি সত্যিই হতো, তাহলে রপ্তানি কমে যেত। কিন্তু পরিসংখ্যান কি তাঁদের পক্ষে কথা বলছে?’