পোশাক খাত চলছে কর্তৃপক্ষবিহীন

দেশের তৈরি পোশাকশিল্প খাতের সার্বিক বিষয়টি এককভাবে দেখভালের জন্য একটি ‘অ্যাপারেল বোর্ড’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল ২৫ বছর আগে। কিন্তু ২৫ বছর ধরে বিষয়টি নিয়ে শুধু আলোচনাই হয়েছে, অ্যাপারেল বোর্ড আর গঠিত হয়নি।
তবে ২০০৮ সালের ডিসেম্বর মাসে সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠনের এক বছরের মাথায় ২০১০ সালের জানুয়ারিতে অ্যাপারেল বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়। আর গত বছর রানা প্লাজা ধসের পর অ্যাপারেল বোর্ড গঠনের বিষয়টি জোরেশোরে উঠে আসে। তবে তা ওখানেই থেমে রয়েছে দুই মন্ত্রণালয়ের বিরোধে। একদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়। তৈরি পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থার সঙ্গে সঙ্গে কথা বলে জানা গেছে, অ্যাপারেল বোর্ড গঠিত না হওয়ার পেছনে কাজ করছে মূলত দুই মন্ত্রণালয়ের হীনম্মন্যতা। আবার এই দুই মন্ত্রণালয়ের বাইরেও পোশাক খাতের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এ রকম পরিস্থিতিতে অ্যাপারেল বোর্ড গঠনের আদৌ আর কোনো প্রয়োজন আছে কি না, সে প্রশ্ন তুলেছেন অনেকেই। আবার অনেকে এটাও মনে করেন যে পোশাক খাতের সার্বিক দেখভালের জন্য একটি সুনির্দিষ্ট দপ্তর থাকা জরুরি। যে নামেই হোক না কেন বা যে মন্ত্রণালয়ের অধীনেই হোক না কেন, আগে দপ্তরটা দরকার। এতে লাভবান হবে দেশ। তাদের আরও প্রত্যাশা, এই বোর্ড গঠিত হলে কারখানার কর্মপরিবেশ ভালো হবে, শ্রমিকের মজুরি নিশ্চিত হবে এবং বিদেশি ক্রেতারা কম মূল্যে পোশাক কিনতে পারবেন না; মালিকেরাও ঠকাতে পারবেন না শ্রমিকদের।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কয়েক দিন আগে রানা প্লাজা ধসের বর্ষপূর্তি উপলক্ষে এক প্রতিবেদনে পোশাকশিল্পের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের প্রস্তাব করেছে। আর সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে পোশাক খাতের জন্য একটি স্বতন্ত্র কমিশন গঠনের তাগিদ দেওয়া হয়েছে।
বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে, বিদ্যমান কার্যপ্রণালি বিধি অনুযায়ী (রুলস অব বিজনেস), পোশাক খাতের সবকিছুই এ মন্ত্রণালয়ের আওতাভুক্ত থাকার কথা; কিন্তু বাস্তবে তা নেই। আর বাণিজ্য মন্ত্রণালয় বলছে, দেশের প্রায় ৮০ শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় পোশাক খাত থেকে। এই রপ্তানির বিষয়টি তাদের মন্ত্রণালয়ের এখতিয়ারে। অন্যদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দাবি, শ্রমিকদের শ্রম ও কর্মসংস্থানের বিষয়টি তাদের। সে হিসেবে তাদের দায়িত্বও কম নয়।
সুনির্দিষ্ট কর্তৃপক্ষ না থাকায় পোশাকশিল্পের মালিকেরা নিজেদের সুবিধামতো বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে তদবির করে সুবিধা আদায়সহ বিভিন্ন কাজ করে থাকেন। তাতে প্রকৃত সমস্যার সমাধান হচ্ছে না। আর শ্রমিকেরা বারবারই বঞ্চিত হচ্ছেন।
২০০৫ সালে স্পেকট্রাম গার্মেন্টস ধসে ৬৩ জন, ২০১২ সালে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১৭ জন এবং ২০১৩ সালে রানা প্লাজা ধসে এক হাজার ১৩৫ জনের নির্মম মৃত্যু হয়েছে। এগুলো মানবসৃষ্ট শিল্প দুর্ঘটনা। তাজরীনে অগ্নিকাণ্ড হলেও স্পেকট্রাম ও রানা প্লাজার ধসের প্রকৃতি একই ধরনের অর্থাৎ ভবন নির্মাণের ত্রুটি।
মানবসৃষ্টই হোক আর প্রাকৃতিকই হোক, যেকোনো ধরনের বিপর্যয় তৈরি হলে যথাযথ দায়িত্ব পালন ও পদক্ষেপ গ্রহণে কাউকে পাওয়া যায় না। অ্যাপারেল বোর্ড-জাতীয় কোনো দপ্তর থাকলে দায়িত্ব নেওয়ার জায়গা পাওয়া যেত। সেই বিবেচনা থেকেই অ্যাপারেল বোর্ড গঠনের দাবি জোরালো হয়।
পেছনের কথা: ১৯৮৯ সালে তৎকালীন এরশাদ সরকারের আমলে অ্যাপারেল বোর্ড গঠনের কথা ওঠে। ওই বছর মন্ত্রিসভার বৈঠকে প্রথম নীতিগত অনুমোদনও করা হয়েছিল ‘অ্যাপারেল বোর্ড’ গঠনের খসড়া। এর পর থেকে সব সরকার শুধু বলেই যাচ্ছে যে অ্যাপারেল বোর্ড গঠন করা হবে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।
মন্ত্রণালয়গুলোর মধ্যে চিঠি চালাচালি, সমীক্ষা, মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়া উপস্থাপন এবং জনবল কাঠামো অনুমোদনের পরও তা আটকে থাকে অন্য দুই মন্ত্রণালয়ের বিরোধিতার কারণে। এই বিরোধিতাকারী অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৯৮৯ সালের পর ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় আবারও উপস্থাপন করা হয় স্বায়ত্তশাসিত অ্যাপারেল বোর্ড গঠনের প্রস্তাব। এতে বলা হয়, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বস্ত্রসেল তৈরি পোশাকের রপ্তানিসংক্রান্ত কার্যাবলি সম্পাদন করলেও সার্বিক বিষয় তারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না। আর এ কারণেই অ্যাপারেল বোর্ড গঠনের যৌক্তিকতা রয়েছে।
অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় আপত্তি জানালে তা আর এগোয়নি। এরপর ২০০১ সালের সেপ্টেম্বরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার উদ্যোগ নিয়েও পরে পিছিয়ে যায়। ২০০২ সালের আগস্টে বাণিজ্য মন্ত্রণালয় ছয় সদস্যের একটি কমিটি গঠন করে, যার বিরোধিতা করে আবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ২০০৩ সালের মার্চে অনুষ্ঠিত এক বৈঠকে অ্যাপারেল বোর্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাপারেল রপ্তানি উন্নয়ন বোর্ড’।
একই বছরের এপ্রিলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত রপ্তানি উন্নয়নসংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ বোর্ডের জন্য ২৬৫ জনের জনবলকাঠামো অনুমোদন করা হয়।
বিষয়টি নিয়ে এরপর বিএনপি সরকারও এগোয়নি। তবে আবারও উদ্যোগী হয় গত তত্ত্বাবধায়ক সরকার (২০০৭-০৮)। বাংলাদেশ বাণিজ্য সহায়তা কর্মসূচি (বিটিএসপি) প্রকল্পের আওতায় একটি সমীক্ষা হয়। এতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় অ্যাপারেল বোর্ড গঠনের সুপারিশ আসে।
বাণিজ্য মন্ত্রণালয় কিছুটা উদারতা দেখিয়ে এ সুপারিশ বাস্তবায়নের জন্য ২০১০ সালের জানুয়ারিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে অনুরোধ জানালে ‘বস্ত্র ও পোশাকশিল্প বোর্ড আইন’-এর একটি খসড়া দাঁড় করায় এ মন্ত্রণালয়। ২০১১ সালের সেপ্টেম্বরে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটিতে কিছু সংশোধন ও অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় এই খসড়া।
হাল পরিস্থিতি: ২০১২ সালে বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় এবং বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর সদস্যদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়। যা পরে ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে এতে কোনো মতামত পড়েনি। এরপর তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে কয়েক দফা বৈঠক হলেও কাজ আর এগোয়নি এবং ওখানেই আটকে যায় বিষয়টি।
যোগাযোগ করলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আইনের খসড়া তৈরির কাজ করছে মূলত বস্ত্র ও পাট মন্ত্রণালয়। কয়েক দফা মন্ত্রিসভায় উপস্থাপিত হয়েও কাজটি এগোয়নি। এর পেছনে প্রকৃতপক্ষে কারা বা কী, কী কারণ দায়ী, তা এখনই বলা যাচ্ছে না।’ দুই মন্ত্রণালয়ের হীনম্মন্যতার কথা অস্বীকার করেন তিনি।
২৫ বছরেও গঠিত হয়নি অ্যাপারেল বোর্ড
টিআইবি পৃথক মন্ত্রণালয় আর সিপিডি স্বতন্ত্র কমিশন গঠনের সুপারিশ করেছে
সুনির্দিষ্ট কর্তৃপক্ষ না থাকায় পোশাকশিল্পের মালিকেরা নিজেদের সুবিধামতো বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে তদবির করে সুবিধা আদায়সহ বিভিন্ন কাজ করে থাকেন। তাতে প্রকৃত সমস্যার সমাধান হচ্ছে না।
২০০৫ সালে স্পেকট্রাম গার্মেন্টস ধসে ৬৩ জন, ২০১২ সালে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১৭ জন এবং ২০১৩ সালে রানা প্লাজা ধসে এক হাজার ১৩৫ জনের নির্মম মৃত্যু হয়েছে। এগুলো মানবসৃষ্ট শিল্প দুর্ঘটনা। তাজরীনে অগ্নিকাণ্ড হলেও স্পেকট্রাম ও রানা প্লাজার ধসের প্রকৃতি একই ধরনের অর্থাৎ ভবন নির্মাণের ত্রুটি।