সাম্প্রতিককালে একের পর এক হরতালে ১৫টি পোশাক কারখানার অন্তত ২২ লাখ ডলার মূল্যের রপ্তানি আদেশ বাতিল হয়েছে। এ ছাড়া হরতালের কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজীকরণ করতে না পারায় বিদেশি ক্রেতারা বাংলাদেশি রপ্তানিকারকদের কাছে প্রায় ৭০ হাজার ডলার মূল্য ছাড় দাবি করেছে। এমন তথ্য দিয়ে আজ সোমবার থেকে শুরু হওয়া টানা তিন দিনের হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। গতকাল রোববার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানায় সংগঠন দুটি।বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান রাজনৈতিক অস্থিরতায় বিমানে পাঠাতে হয়েছে ১৭ লাখ ডলারের পোশাক। হরতালের কারণে প্রায় ৭৪ লাখ ডলারের পোশাক সমুদ্রপথে নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজীকরণ করা যাবে কি না, সে ব্যাপারে ঝুঁকি সৃষ্টি হয়েছে। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে হরতালের কারণে অতিরিক্ত এয়ার শিপমেন্টের জন্য প্রায় ২৫০ কোটি টাকা লোকসান হয়েছে।বিজিএমইএ ও বিকেএমইএ অর্থনীতি বিশেষ করে পোশাকশিল্পের স্বার্থে রাজনৈতিক কর্মসূচির নামে হরতাল পরিহারের আহবান জানিয়েছে।এদিকে হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। সমিতির পক্ষে সভাপতি শেখ কবির হোসেন চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় উদ্বেগ জানিয়ে গতকাল এক বিবৃতিতে বলেন, বলেন, চলমান সহিংসতা দেশের বিমা ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ বিমার আওতাধীন যানবাহন ও সম্পত্তি ক্ষয়ক্ষতির বিমা দাবি প্রতিষ্ঠানগুলোকে পরিশোধ করতে হয়।