পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয় নিষ্প্রয়োজন: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তৈরি পোশাকশিল্প খাতের জন্য আলাদা কোনো মন্ত্রণালয়ের দরকার নেই বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্প খাত নিয়ে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়েরই দায়িত্ব রয়েছে। তা পালন করলেই হয়। তবে বেশি দায়িত্ব বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের।তাহলে কি আলাদা মন্ত্রণালয়ের দরকার নেই—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘না। কোনো প্রয়োজন নেই।’। পোশাকশিল্প কারখানার ওপর জরিপ চালাতে সরকার গঠিত সাম্প্রতিক কমিটিকে অন্য যেকোনো সময়ের তুলনায় আলাদা অভিহিত করে মুহিত বলেন, এ কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার জাহাজ নির্মাণ ও রপ্তানিকারক সমিতির প্রতিনিধিদলের সঙ্গে প্রাক্-বাজেট আলোচনার পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। বৃহস্পতিবারের অনেক পত্রিকায় প্রকাশিত নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ‘সাভার ট্র্যাজেডি, পোশাকশিল্প ও বাংলাদেশ’ শীর্ষক লেখাটি অর্থমন্ত্রী পড়েছেন বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন, ‘আমি খুশি। দেশের একটা সমস্যা সম্পর্কে উনি সুচিন্তিত মতামত দিয়েছেন। বলেছেন, এ শিল্পকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। খুবই ভালো কথা বলেছেন।’ইউনূসের লেখায় ‘সাভারে শুধু ভবন ধসে পড়েনি। রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধসে পড়ার একটি বহিঃপ্রকাশ হিসেবে এ ভবন ধসে পড়েছে’ বলে একটি লাইন রয়েছে। সাংবাদিকেরা এ প্রসঙ্গটি তুললে অর্থমন্ত্রী বলেন, ‘এটা খুবই ফানি। একটা দোষ দেওয়া যেতে পারে যে, আগের দিন যখন ধরা পড়ল, তখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রধানমন্ত্রী এ বিষয়ে সীমাবদ্ধতার কথা স্বীকার করে কথা বলেছেন।’ অর্থমন্ত্রী বলেন, ‘এটা গণতান্ত্রিক সরকার। কোনো প্রতিষ্ঠান নয়। আসলে শেখ হাসিনার সরকারের কাছে ভিন্নমতের মূল্যায়ন আছে।’