
গত চার বছরে বাংলাদেশে ২৬টি পরিবেশবান্ধব পোশাক কারখানা নির্মিত হয়েছে। আন্তর্জাতিক মানের এসব পোশাক কারখানা অন্য কারখানার চেয়ে গ্যাস-বিদ্যুৎ-পানিসাশ্রয়ী, উৎপাদনশীলতা বেশি। এ ধরনের কারখানা করতে আরও অনেক উদ্যোক্তা কাজ করছেন। সব মিলিয়ে ১২২টি পরিবেশবান্ধব পোশাক কারখানা স্থাপনের কাজ চলছে বলে জানা গেছে।
কয়েকজন পোশাকশিল্প উদ্যোক্তা বলেন, মানসম্মত পরিবেশবান্ধব কারখানা স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক খাত অন্য এক উচ্চতায় উঠে যাচ্ছে। এসব কারখানার মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি বহির্বিশ্বে পোশাকশিল্পের ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব কারখানার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে একটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়।
লিড সনদ পেতে নয়টি শর্ত পরিপালন করতে হয়। উল্লেখযোগ্য শর্ত হচ্ছে এমন নির্মাণসামগ্রী ব্যবহার করতে হয়, যাতে কার্বন নিঃসরণ কম হয়। এ জন্য পুনরুৎপাদনের মাধ্যমে তৈরি হওয়া ইট, সিমেন্ট ও ইস্পাত লাগে। এ ছাড়া কারখানার ৫০০ বর্গমিটারের মধ্যে শ্রমিকদের বাসস্থান, স্কুল, বাজার, বাস বা টেম্পোস্ট্যান্ড থাকতে হয়। কারণ দূরে হলে শ্রমিকদের কারখানায় আসতে গাড়ি লাগবে। এতে জ্বালানি খরচের পাশাপাশি কার্বন নিঃসরণ বেশি হবে। এর বাইরে বিদ্যুৎ খরচ কমাতে সূর্যের আলো ও সৌরবিদ্যুৎ ব্যবহার করতে হয়। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে বৃষ্টির পানি সংরক্ষণের পাশাপাশি পানিসাশ্রয়ী কল লাগে।
ইউএসজিবিসির তথ্য অনুযায়ী, লিড সনদের জন্য নয়টি শর্ত পরিপালনে মোট ১১০ পয়েন্ট আছে। এর মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পয়েন্টে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ পয়েন্টে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ পয়েন্ট হলে ‘লিড সার্টিফিকেট’ সনদ মেলে। ২০১২ সালে বাংলাদেশের প্রথম পরিবেশবান্ধব কারখানার ছাড়পত্র পায় পাবনার ভিনটেজ ডেনিম স্টুডিও। এখন পর্যন্ত ২৬টি পোশাক কারখানা লিড সনদ পেয়েছে। এর মধ্যে প্লাটিনাম ৭ কারখানা, গোল্ড ১৩ কারখানা ও সিলভার ৫টি কারখানা। শুধু সনদ পেয়েছে ১টি কারখানা।
বিশ্বের প্রথম পরিবেশবান্ধব নিট পোশাক কারখানা প্লামি ফ্যাশনস লিমিটেড। ১১০ পয়েন্টের মধ্যে ৯২ নম্বর পেয়েছে প্লামি ফ্যাশনস। নারায়ণগঞ্জে সাড়ে পাঁচ একর জমির ওপর গড়ে ওঠা কারখানাটি গত বছরের ২২ সেপ্টেম্বর লিড প্লাটিনামের সনদ পায়। বর্তমানে প্লামি ফ্যাশনসে দেড় হাজার শ্রমিক কাজ করেন। মাসিক উৎপাদন ১০ লাখ পিস ছেলে ও মেয়েদের টি-শার্ট ও পোলো শার্ট। তাদের প্রায় ৩০ লাখ মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয় মাসে।
প্লামি ফ্যাশনসের পরিচালক রঞ্জন কুমার ধর জানান, পরিবেশবান্ধব কারখানা স্থাপনে সাধারণ কারখানার চেয়ে অনেক বেশি অর্থ বিনিয়োগ করতে হয়। তবে পরিচালন ব্যয় কিছুটা কম। তাই সাধারণের চেয়ে পোশাকের মূল্য ৫-১০ শতাংশ বেশি পেলে টিকে থাকা সম্ভব।
রঞ্জন কুমার ধর বলেন, ‘ক্রেতা প্রতিনিধিরা আমাদের পরিবেশবান্ধব কারখানার প্রশংসা করেন। তবে অধিকাংশই পোশাকের দাম বেশি দিতে চান না। শেষ পর্যন্ত যাঁরা দাম বেশি দেন, তাঁদেরই কাজ করি। বর্তমানে এই রকম ৩-৪টি ইউরোপীয় ক্রেতার পোশাক উৎপাদন করছি আমরা।’
এনভয় টেক্সটাইল গত ৩১ মার্চ লিড প্লাটিনাম সনদ পেয়েছে। ময়মনসিংহের ভালুকায় পরিবেশবান্ধব কারখানাটিতে তুলা থেকে সুতা ও পরে ডেনিম কাপড় হবে। মাসিক উৎপাদনক্ষমতা প্রায় ৪০ লাখ মিটার ডেনিম কাপড়।
জানতে চাইলে এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘পরিবেশবান্ধব কারখানায় পানি, বিদ্যুৎ, জ্বালানি, রাসায়নিক ব্যবহার কম হয়। এ ছাড়া আছে কম মেশিনে বেশি উৎপাদনের সুবিধা। সব মিলিয়ে প্রতিযোগিতা সক্ষমতা ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি বাড়ানোর জন্যই পরিবেশবান্ধব কারখানার দিকে আমরা যাই।’
আবদুস সালাম মুর্শেদী বলেন, রানা প্লাজা ধসের পর দেশের পোশাক খাতের নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়। তবে পরিবেশবান্ধব কারখানার মাধ্যমে বিশ্বে ইতিবাচক ব্র্যান্ডিং হবে। এ ছাড়া ক্রয়াদেশ পেতে বাংলাদেশের প্রতি ক্রেতা ও ব্র্যান্ডের আকর্ষণ বাড়বে। তবে আন্তর্জাতিক বাজার খুবই প্রতিযোগিতাপূর্ণ। সে জন্য পোশাকের দাম বেশি পেতে হলে উদ্যোক্তাদের দর-কষাকষির দক্ষতা বাড়াতে হবে। পরিবেশবান্ধব কারখানা স্থাপনে সরকারকে স্বল্প সুদে ঋণ দেওয়ার আহ্বান জানান তিনি। যাতে করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এ ধরনের কারখানা করতে পারেন।
জানতে চাইলে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘পরিবেশবান্ধব কারখানা স্থাপনের মাধ্যমে আমাদের পোশাকশিল্পের ভাবমূর্তির উন্নতি হবে। এ ধরনের কারখানা বাংলাদেশের বাইরেও কম আছে। ফলে পরিবেশবান্ধব কারখানা স্থাপনের মাধ্যমে আমরা একটি উচ্চতর অবস্থানে যাচ্ছি, সেই বার্তা সবার কাছে যাবে।’