পোশাক খাতের নতুন মজুরি কাঠামোর জন্য আজ বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরিকাঠামো তৈরির জন্য আজ রোববার সরকার গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় মজুরি বোর্ডকে পোশাক খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে বৈঠকের পরামর্শ দিয়েছে।এর আগে সর্বশেষ ২০০৬ সালের ১ জুন সরকার পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে। ধারাবাহিক বৈঠক শেষে বোর্ড তাদের সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার পর ওই বছরের ১৯ নভেম্বর সরকার পোশাক খাতের ন্যূনতম মজুরিসহ মজুরিকাঠামো ঘোষণা করে। এই মজুরিকাঠামো ঘোষণা করা হয় ১২ বছর পর।সর্বশেষ মজুরিকাঠামো অনুসারে পোশাক খাতের একজন শ্রমিকের ন্যূনতম মজুরি এক হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা। এর আগে ১২ বছর ধরে যা ছিল ৯৩০ টাকা।জানা যায়, মজুরি বোর্ডকে দেওয়া চিঠিতে শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশের কথা উল্লেখ করে বলা হয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় পোশাক খাতের শ্রমিকের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা দরকার। যে জন্য মজুরিকাঠামোর পুনর্নির্ধারণ করতে বোর্ডকে পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ইকতেদার আহমেদ পোশাক খাতের শ্রমিকের ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান। সদস্যরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ইকবাল আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের শ্রম উপদেষ্টা কাজী শফিউদ্দিন আহমেদ, বোর্ডে স্থায়ী সদস্য হাবিবুর রহমান সিরাজ, বিজিএমইএর সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক এবং শ্রমিক প্রতিনিধি নাজমা আক্তার। তবে আনিসুল হকের বিষয়ে বিজিএমইএর বর্তমান কমিটির ভিন্নমত রয়েছে। তারা এ বিষয়ে আজকের বৈঠকে লিখিত মত দেবে বলে জানা গেছে।নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, বর্তমান বাজারদরের কারণে শ্রমিকের জীবনযাপন দুর্বিষহ অবস্থায় রয়েছে। তিনি মনে করেন, পোশাক খাতের শ্রমিকের ন্যূনতম মজুরি কমপক্ষে পাঁচ হাজার টাকা হওয়া উচিত।আমেরিকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জেসিন ও রোকের সমীক্ষা থেকে জানা যায়, বাংলাদেশের পোশাক খাতে শ্রমিকের মজুরি বিশ্বের মধ্যে সর্বনিম্ন। এই সমীক্ষায় বলা হয়েছে, প্রতি ঘণ্টায় বাংলাদেশের পোশাকশ্রমিক পায় ২২ মার্কিন সেন্ট। সেখানে চীনে শ্রমিক পায় ৮৬ সেন্ট, ভারতে ৫১ সেন্ট, ইন্দোনেশিয়ায় ৪৪ সেন্ট, শ্রীলঙ্কাতে ৪৩ সেন্ট, ভিয়েতনামে ৩৮ সেন্ট, পাকিস্তানে ৩৭ সেন্ট এবং কম্বোডিয়াতে ৩৩ সেন্ট।