পোশাক খাতের মজুরি বোর্ডের প্রথম বৈঠক ঠিকমতো হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক খাতের মালিক সমিতির প্রতিনিধির অনুপস্থিতির কারণে ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক গতকাল রোববার কার্যত ব্যাহত হয়েছে।শ্রম মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় মজুরি বোর্ডকে পোশাক খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে বৈঠক করার পরামর্শ দিয়েছিল। এ পরামর্শ অনুসারে বোর্ডের চেয়ারম্যান ইকতেদার আহমেদ গতকাল প্রথম বৈঠকের আহ্বান করেন।নিয়ম অনুসারে ন্যূনতম মজুরি বোর্ড পাঁচ বছরের জন্য গঠিত হয়। সর্বশেষ ২০০৬ সালের ১ জুন সরকার পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে। চেয়ারম্যান ছাড়া বোর্ডের সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ইকবাল আহমেদ, বাংলাদেশ এমপ্লয়িজ ফেডারেশনের শ্রম উপদেষ্টা কাজী শফিউদ্দিন আহমেদ, বোর্ডের স্থায়ী সদস্য হাবিবুর রহমান সিরাজ, বিজিএমইএর সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক এবং শ্রমিক প্রতিনিধি নাজমা আক্তার।জানা যায়, আনিসুল হক লিখিতভাবে সরকারকে জানিয়েছেন যে তিনি সার্ক চেম্বার ও এফবিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন। ফলে তাঁর ব্যস্ততার কারণে মজুরি বোর্ডের দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। অন্যদিকে বিজিএমইএতে নতুন নেতৃত্বও রয়েছে।বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী প্রথম আলোকে জানান, তিনি প্রথমত আনিসুল হককে বৈঠকে গিয়ে ধারাবাহিকতা রক্ষার অনুরোধ করেছিলেন, কিন্তু আনিসুল হক অপারগতা প্রকাশ করেন।জানা যায়, এ পরিস্থিতিতে বিজিএমইএর পক্ষ থেকে শ্রম মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করা হয়, কিন্তু গতকাল পর্যন্ত বৈঠকে উপস্থিতির জন্য কোনো প্রতিনিধিকে চিঠি দেওয়া বা মৌখিক কোনো আহ্বান বিজিএমইএকে করা হয়নি।এ পরিস্থিতিতে মালিক সমিতির প্রতিনিধির অনুপস্থিতিতে গতকালের বৈঠকে বাকি সদস্যরা উপস্থিত থাকলেও কার্যকর আলোচনা হতে পারেনি।উল্লেখ্য, মজুরি বোর্ডের সুপারিশ অনুসারে ২০০৬ সালের ১৯ নভেম্বর সরকার পোশাক খাতের ন্যূনতম মজুরিসহ মজুরি কাঠামো ঘোষণা করে। এই মজুরি কাঠামো ঘোষণা করা হয় ১২ বছর পর।সর্বশেষ মজুরি কাঠামো অনুসারে পোশাক খাতের একজন শ্রমিকের ন্যূনতম মজুরি এক হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা। এর আগে ১২ বছর ধরে যা ছিল ৯৩০ টাকা।জানা যায়, মজুরি বোর্ডকে দেওয়া চিঠিতে শ্রম মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের কথা উল্লেখ করে মন্ত্রণালয় বলেছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় পোশাক খাতের শ্রমিকের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা দরকার। যে জন্য মজুরি কাঠামোর পুনর্নির্ধারণ করতে বোর্ডকে পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।