রানা প্লাজা ট্র্যাজেডির পর পোশাক খাতের সংকট কাটিয়ে উঠতে সরকার অনেক পরিকল্পনা নিয়েছে। তবে এসব পরিকল্পনা যথেষ্ট শক্তিশালী বলে প্রতীয়মান হয়নি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই অভিমত ব্যক্ত করেছেন। তিনি আরও বলেন, পোশাক কারখানা বন্ধ করে দেওয়া কোনো ভালো পদক্ষেপ নয়। বরং এসব কারখানার মান উন্নয়নে সময় দেওয়া উচিত।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেছেন। রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অর্থমন্ত্রী বলেন, পোশাক খাতে গত বছর রানা প্লাজা ধসের মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ নিয়ে সারা বিশ্বে সমালোচনাও হয়েছে। এত বাধার পরও দেশে বেসরকারি খাতকেন্দ্রিক প্রবৃদ্ধি হচ্ছে। প্রতিবছর রপ্তানিও বাড়ছে।
সভায় সরকারের রাজস্ব আয়ের ক্ষেত্রে বেসরকারি খাত থেকে প্রতিবছর এক শতাংশ করে প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘গত পাঁচ বছরে প্রতিবছর বেসরকারি খাত থেকে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ছিল দশমিক ৬ শতাংশ করে। আমি আশা করি, আগামী পাঁচ বছরে এ ক্ষেত্রে ১ শতাংশ করে প্রবৃদ্ধি হবে। আমি জানি, এটা উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা। কিন্তু সবাই মিলে কাজ করলে এটা সম্ভব।’
বিদ্যুৎ সরবরাহকে সমস্যা হিসেবে দেখে আবদুল মুহিত বলেন, গত পাঁচ বছরে দেশে বিদ্যুৎ খাতে যথেষ্ট উন্নয়ন করেছে সরকার। সরবরাহ ব্যবস্থায় যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে তদারকি জোরদার করার আহ্বান জানান তিনি।
সভার বিশেষ অতিথি অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেন, আইনি বিধিমালার মধ্যে থেকে যত কিছু করা যায়, বেসরকারি খাতের উদ্যোক্তাদের জন্য তার সবই করবে সরকার।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, ‘বাংলাদেশের প্রতিটি পোশাক কারখানায় শ্রমিক নিরাপত্তা ও শ্রম অধিকার নিশ্চিত করা হলে সেটাই হবে রানা প্লাজা ধসের হতাহতদের প্রতি সবচেয়ে বড় সম্মাননা।’
রাষ্ট্রদূত বলেন, আগামী সপ্তাহে টিকফার উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। টিকফার আলোচনায় উভয় পক্ষের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পথের বিভিন্ন বাধা মোকাবিলার পন্থা চিহ্নিত করার চেষ্টা চলবে। যুক্তরাষ্ট্রে জিএসপি-সুবিধা পুনর্বহালের জন্য বাংলাদেশে চলমান প্রচেষ্টা নিয়েও টিকফাতে আলোচনা হবে।
আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খাতের সভাপতিত্বে সভায় এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, আইবিএফবির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।