পোশাক খাতের সংযোগ শিল্প ও টেরিটাওয়েল পুনঃ অর্থায়ন পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক খাতের আনুষঙ্গিক সরঞ্জাম ও টেরিটাওয়েল শিল্পকারখানায় নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে বাংলাদেশ ব্যাংক পুনঃ অর্থায়ন তহবিল থেকে স্বল্প সুদের ঋণ জোগান দেবে।
যাদের নিজস্ব কারখানা রয়েছে, তাদের কারখানার নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে এই তহবিল থেকে ঋণ দেওয়া হবে। ঋণ দেওয়া হবে অগ্নিনির্বাপণ সামগ্রী, অগ্নি প্রতিরক্ষামূলক সামগ্রী, ছাদ এবং ভূগর্ভে প্রয়োজনীয় সংখ্যক পাম্পসহ পানি সংরক্ষণাগার নির্মাণ, সংস্কার, পুনর্গঠন ও প্রতিস্থাপনে।
বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, দেশে পরিবেশবান্ধব শিল্প গড়ে তুলতে ২০১৩ সালে নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব অর্থায়ন খাতে পুনঃ অর্থায়ন স্কিম চালু করা হয়। এই খাতে ২০০ কোটি টাকার তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। ওই তহবিল থেকে গ্রাহকেরা সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ঋণ নিতে পারেন। আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে মাত্র ৫ শতাংশ সুদে এ অর্থ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে গত আগস্ট মাসে বস্ত্র ও পোশাকসহ তিনটি খাতকে এ স্কিমের আওতাভুক্ত করা হয়। এর আওতায় পোশাকশিল্পের মালিকেরা পরিবেশবান্ধব ও নিরাপদ কারখানা করতে এক কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের গতকালের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় নয়টি খাতে মোট ৪৭টি শিল্পের জন্য স্বল্প সুদের এ ঋণসুবিধা দেওয়া হচ্ছে। কারখানায় কর্মরতদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) সদস্যভুক্ত শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা এ স্কিম থেকে ঋণ নিতে পারবেন।