পোশাক খাতের সাম্প্রতিক সক্ষমতা তুলে ধরা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তৈরি পোশাক খাতের সাম্প্রতিক সক্ষমতা তুলে ধরতে কাল শনিবার শুরু হচ্ছে দেশের পোশাক পণ্যের বৃহত্তম প্রদর্শনী বাটেক্সপো-২০১১। বাংলাদেশ তৈরি পোশাক মালিক সমিতি-বিজিএমইএ তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করছে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর একই স্থানে ১২ ডিসেম্বর সোমবার সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া প্রধান অতিথি থাকবেন। বাটেক্সপো-২০১১ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এসব তথ্য জানান। এবারের মেলার প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন সংগঠনের নেতা সৈয়দ নুরুল ইসলাম। সংবাদ সম্মেলনে বিজিএমইএর সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সিদ্দিকুর রহমান, ফারুক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বিশ্ব অর্থনীতিতে যে প্রলম্বিত মন্দা চলছে, তার কারণে ইউরোপ ও আমেরিকার বাজারের অনেক ক্রেতাই এর আগের দেওয়া কাজ এখন আর নিতে চাচ্ছেন না, বরং পিছিয়ে দিচ্ছেন (ডেফার্ড)। তিনি বলেন, ‘এমনও হচ্ছে যে কারখানার ফ্লোরে কাপড়ের স্তূপ হয়েছে, কিন্তু ক্রেতা বলছেন পোশাক তৈরির জন্য তা এখনই কাটার দরকার নেই।’ তিনি বলেন, এ রকম একটি সময়ে বাটেক্সপো অত্যন্ত গুরুত্বপূর্ণ।মহিউদ্দিন বলেন, ‘আমরা আশা করছি, গতবারের চেয়ে এবারের মেলায় ক্রেতার সংখ্যা অনেক বেশি হবে।’বিজিএমইএর সভাপতি আরও বলেন, বিগত বাটেক্সপোগুলোতে বিভিন্ন ধরনের পোশাক সম্পর্কে সম্যক ধারণা পেতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মধ্যপ্রাচ্য, হংকং, থাইল্যান্ড, চীন, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ক্রেতারা মেলা পরিদর্শন করেন। সেই ধারাবাহিকতায় এবারের মেলায় ক্রেতার সংখ্যা অনেক বেশি হবে। এবারের মেলায় থাইল্যান্ডের ১০টি, চীনের দুটি, পাকিস্তানের একটি এবং ভারতে তিনটি প্রতিষ্ঠানসহ মোট ১৪৬টি স্টলে প্রদর্শনীর আয়োজন হচ্ছে। গতবার মোট স্টলের সংখ্যা ছিল ১৩৭টি।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবারের মতো এবারও বাটেক্সপো উপলক্ষে কালচারাল নাইট ও ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে। মেলা চলাকালে বিদেশি ক্রেতাদের বাংলাদেশি পোশাক কিনতে আগ্রহী করতে তিনটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এ ছাড়া স্টক লট বা কোনো কারণে রপ্তানি করতে না পারা তৈরি পোশাক তাৎক্ষণিকভাবে বিক্রির ব্যবস্থাও থাকবে মেলায়।প্রদর্শনী উপলক্ষে বিজিএমইএতে ব্যাপক কর্মতৎপরতা তৈরি হয়েছে। হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিজিএমইএর অভ্যর্থনা কেন্দ্র স্থাপন করা হয়েছে বিদেশি ক্রেতাদের স্বাগত জানাতে।এবারের প্রদর্শনীর মূল পৃষ্ঠপোষক হয়েছে প্রাইম ব্যাংক ও এমজিএইচ গ্রুপ। প্লাটিনাম পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইসলামী ব্যাংক, গোল্ড পৃষ্ঠপোষক হয়েছে সাসকো গ্রুপ।