পোশাক খাতের 'কালো ছায়া' কাটতে শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আতিকুল ইসলাম
মো. আতিকুল ইসলাম

প্রথম আলো: তাজরীন ও রানা প্লাজার ঘটনার পর বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক বয়কট করার ডাক দেন। নিরাপদ কর্মপরিবেশের অজুহাতে ক্রেতারাও অন্য দেশে চলে যাওয়ার হুমকি দেন। সব মিলিয়ে দেশের তৈরি পোশাকশিল্পে একধরনের ‘কালো ছায়া’ পড়ে। এই নেতিবাচক পরিস্থিতি থেকে বর্তমানে কতটুকু উত্তরণ হয়েছে?
আতিকুল ইসলাম: পাঁচ মাসের ব্যবধানে দুটি ঘটনা ঘটেছে। এক হাজার ২৪৪ জন শ্রমিক মারা গেছেন। স্বাভাবিকভাবেই পৃথিবীজুড়েই আমাদের পোশাকশিল্পটি বিরাট প্রশ্নের মুখে পড়ে যায়। সবাই অনুমান করে নিয়েছিলেন, এখানকার কোনো কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নেই। আসলে সব কারখানা খারাপ নয়। আর এখান থেকে ব্যবসা গুটিয়ে নিলেই কোনো সমাধান হবে না। শিল্পটির সঙ্গে অনেক শ্রমিক ও উদ্যোক্তার জীবন-জীবিকা জড়িত। অবশেষে এটি উপলব্ধি করতে পেরে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আমেরিকার ক্রেতাপ্রতিষ্ঠানগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পৃথক জোট গঠন করেছে। এ ধরনের কিছু কিন্তু আগে কখনোই হয়নি। বাংলাদেশে পোশাক খাতের বড় সম্ভাবনা আছে বলেই তারা এগিয়ে এসেছে। সরকারি পর্যায়েও নিরাপদ কর্মপরিবেশ নিয়ে কাজ হচ্ছে। ফলে কালো ছায়া কাটতে শুরু করেছে।
প্রথম আলো: কারখানার কর্মপরিবেশ নিয়ে কাজ করবে বিদেশি ক্রেতাদের জোট। সরকারও ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ঘোষণা করেছে। এ ক্ষেত্রে কীভাবে সমন্বয় করা হবে?
আতিকুল ইসলাম: অগ্নিদুর্ঘটনা ও ভবন নিরাপত্তার বিষয়ে একটি সমন্বিত কোড অব কন্ডাক্ট আ আচরণবিধি করতে হবে। এটি হবে দেশের একটি আইন। বিদেশি ক্রেতাদের যারা এ বিষয়ে কাজ করতে আসবে, তাদের আইনটি মানতে হবে। কারণ, ভিন্ন ভিন্ন মাপকাঠিতে কাজ হলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে।
প্রথম আলো: বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠানগুলো অনেক বেশি মুনাফা করছে। বিশেষজ্ঞরা বলছেন, ক্রেতারা যদি বাংলাদেশ থেকে পোশাক কিনতে প্রতি পিসে মাত্র কয়েক সেন্ট পর্যন্ত বাড়ান, তবে শ্রমিকদের মজুরি দ্বিগুণ করা সম্ভব। এ বিষয়ে কি আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন?
আতিকুল ইসলাম: সম্প্রতি ঢাকা সফরে আসা মার্কিন কংগ্রেসম্যান স্যানডি লেভিনকে আমরা দেখিয়েছি, বাংলাদেশ থেকে আট ডলারে একটি পোশাক কিনে ক্রেতাপ্রতিষ্ঠানগুলো ৫০ ডলারে বিক্রি করছে। তবে সবকিছুর দাম বাড়লেও প্রতিবছরই প্রতিযোগিতামূলক বাজারের কথা বলে আগের চেয়ে কম দামে পোশাক তৈরি করে দিতে বলে বিদেশি ক্রেতারা। এবারও গত বছরের চেয়ে গড়ে ৩ শতাংশ কম দামে পোশাক তৈরির কার্যাদেশ দিচ্ছে তারা। তাই এ ক্ষেত্রে মুনাফা ছাড় দিতে তাদের রাজি করানো খুব একটা সহজ নয়। তবে আমরা চেষ্টা করছি। আর দেশে শ্রমিকদের মজুরি বাড়ানোর জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
প্রথম আলো: কিছুদিন আগে একটি গণমাধ্যমকে আপনি বলেছেন, রানা প্লাজার ধস ‘অ্যাক্ট অব গড’ বা ঈশ্বর-প্রদত্ত। তাহলে কি আপনারা দায়িত্ব এড়াতে চাইছেন?
আতিকুল ইসলাম: আমার বক্তব্য ভুলভাবে ছাপা হয়েছে। আমি এ ধরনের কোনো কথা বলিনি। যদি ঈশ্বর-প্রদত্তই হতো, তাহলে তো আর রানা প্লাজার মালিক কিংবা পাঁচ পোশাক কারখানার মালিকেরা আজ জেলে থাকতেন না। বহু আগেই আমরা সংবাদ সম্মেলন করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি। আসলে পোশাক কারখানার দুর্ঘটনা ও প্রাণহানির জন্য সংশ্লিষ্ট সবাই জড়িত। আমাদের কারখানার মালিকেরা যেমন ধোঁয়া তুলসী পাতা নন, তেমনি প্রশাসনিক সুশাসন ও সমন্বয়ে অনেক সমস্যা আছে। একটি কারখানা চালু করতে সরকারি ১৯টি প্রতিষ্ঠানের কাছ থেকে লাইসেন্স নিতে হয়। যথাযথ নিয়ম মেনে সেগুলো দেওয়া হলে সমস্যা অনেক কম হবে।
প্রথম আলো: বিজিএমইএ নিজেদের সদস্যদের কাছে ক্ষতিপূরণের জন্য ন্যূনতম ২৫ হাজার টাকা করে চেয়েছিল। অনেকেই দেননি। কেন?
আতিকুল ইসলাম: যেকোনো কারখানাতেই দুর্ঘটনা ঘটতে পারে। তাই আজকে কোনো মালিক যদি এগিয়ে না আসেন, তবে তাঁর বিপদের সময় অন্যরা এগিয়ে না-ও আসতে পারেন। আর যাঁরা ব্যবসা করছেন, তাঁদের কাছে ২৫ হাজার টাকা কোনো ব্যাপার নয়। বিষয়টি নিয়ে সমিতির পরিচালনা পর্ষদের সভায় আলোচনা হয়েছে। যাঁরা টাকা দেননি, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। তারপর তাঁদের চিঠি দিয়ে জানতে চাওয়া হবে, কেন তাঁরা টাকা দেননি।
প্রথম আলো: রানা প্লাজা ধসে নিহত অনেক শ্রমিকের পরিবার এখন পর্যন্ত ক্ষতিপূরণ পায়নি। যারা পেয়েছে, সেটিও সামান্য। এখানে আপনাদের কি কোনো ভূমিকা নেই?
আতিকুল ইসলাম: ক্ষতিপূরণের বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তদারক করা হচ্ছে। এখন পর্যন্ত ৭৭৭ জন নিহত শ্রমিকের পরিবারকে এক থেকে তিন লাখ করে টাকা দেওয়া হয়েছে। বাকিদের পর্যায়ক্রমে দেওয়া হবে। আর নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে সমাধানে পৌঁছাতে ডিএনএ পরীক্ষা চলছে। বিজিএমইএ আহত শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি দেখছে। এ ছাড়া নিহত শ্রমিকদের ৩০০ ছেলেমেয়েকে ১৮ বছর পর্যন্ত দেখাশোনার দায়িত্ব নিচ্ছেন বিজিএমইএর পরিচালকেরা।
প্রথম আলো: পোশাকশিল্পকে সামনে এগিয়ে নিতে হলে কী করা দরকার বলে মনে করেন?
আতিকুল ইসলাম: আমাদের বেশির ভাগ পোশাক কারখানাই অপরিকল্পিত ও এলোমেলোভাবে গড়ে উঠেছে। তাই এগুলোকে যত দ্রুত সম্ভব শিল্পপার্কের মধ্যে নিয়ে যেতে হবে। তা ছাড়া এই মুহূর্তে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে অগ্নি ও ভবন নিরাপত্তা নিয়ে কাজ করতে হবে। শ্রমিকদের স্বাস্থ্যের নিরাপত্তায় জোর দিতে হবে। সারা বিশ্বে বার্তা দিতে হবে যে, বাংলাদেশের প্রতিটি পোশাক কারখানা নিরাপদ ও পরিবেশবান্ধব।
[সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার]