পোশাক রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা করছে বিজিএমইএ
পোশাক খাতে রপ্তানি বাড়লেও প্রকৃত আয় কমে গেছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪২ দশমিক ৩০ শতাংশ। তবে একই সময়ে এসব পণ্যের বিপরীতে আমদানি-ব্যয় বেড়েছে ৭৫ শতাংশ। আমদানি-ব্যয় বৃদ্ধির কারণেই মোট রপ্তানিতে বড় প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।তৈরি পোশাকশিল্প মালিক সমিতি বিজিএমইএ আশঙ্কা করছে, আগামী অর্থবছরের শুরুতে পোশাক খাতের এই প্রবৃদ্ধিতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, প্রতিযোগী দেশগুলো তাদের অভ্যন্তরীণ শিল্প চাঙা করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ‘চলতি অর্থবছরের শেষপ্রান্তে এসে আগামী মৌসুমের জন্য রপ্তানি কাজ কমে আসার প্রচ্ছন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিগত মাসগুলোর প্রবৃদ্ধি অনুযায়ী যে পরিমাণ কাজ পাওয়ার প্রত্যাশা ছিল, তা আমাদের কাছে আসছে না।’সফিউল ইসলাম আরও বলেন, ‘গত ফেব্রুয়ারি-মার্চ মাসে ক্রেতারা তুলনামূলক অনেক কম কাজ নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেছেন। ফলে চাহিদা কমে যাওয়ায় পণ্যের দামও কমে যাচ্ছে এবং আমরা প্রতিযোগিতার সক্ষমতাও হারাচ্ছি।’এসব তথ্য দিয়ে বিজিএমইএর সভাপতি বলেছেন, ‘পোশাক খাতে এই যে কাজ কমে যাওয়ার তথ্য, তা হলো দেশের জন্য আগাম সতর্কসংকেত।’পোশাক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিএমইএর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল শনিবার সফিউল ইসলাম মহিউদ্দিন এসব কথা বলেন। এ সময় সংগঠনের সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, সিদ্দিকুর রহমান, ফারুক হোসেনসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন।বিজিএমইএ বলেছে, বিগত ১০ মাসে যে প্রবৃদ্ধি হয়েছে, এই প্রবৃদ্ধির মাধ্যমে শিল্প কতটুকু উপকৃত হচ্ছে সেই বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তারা বলেছে, অর্জিত এই প্রবৃদ্ধির মূলে রয়েছে আন্তর্জাতিক বাজারে তুলা ও বস্ত্রসামগ্রী, আনুষঙ্গিক সামগ্রী ও অন্যান্য কাঁচামালের মূল্যবৃদ্ধি। এতে রপ্তানি মূল্য (এফওবি) বৃদ্ধি পেয়েছে।বাংলাদেশ ব্যাংকের এপ্রিল, ২০১১ সময়ে প্রকাশিত মাসিক প্রতিবেদনের তথ্য দিয়ে বিজিএমইএ বলেছে, জুলাই-মার্চ সময়ে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় তুলা, সুতা, সিনথেটিক ফাইবার ও বস্ত্র আমদানি খরচ বৃদ্ধি পেয়েছে প্রায় ৭৫ দশমিক ১৮ শতাংশ। যেখানে একই সময়ে দেশের পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছে মাত্র ৪১ দশমিক ১০ শতাংশ।তারা এ পরিস্থিতিতে সরকারের কাছে নীতি-সহায়তা চেয়েছে। সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, গ্যাস-বিদ্যুৎ সংযোগ ও সরবরাহের ক্ষেত্রে পোশাক খাতকে অগ্রাধিকার দেওয়া, দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে সরকারের সহযোগিতা এবং ব্যাংকঋণের সুদ ও বিভিন্ন সেবা মাশুল কমাতে হবে। তিনি বলেন, অতিরিক্ত আমদানি খরচ মেটাতে তাঁদের ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নিতে হচ্ছে। ফলে এর ওপরও অতিরিক্ত সুদ ও মাশুলের খরচ বাড়ছে।বিজিএমইএর সভাপতি বলেন, শুধু তা-ই নয়, সম্প্রতি শেয়ারবাজারে ধস, রেমিট্যান্সের (প্রবাসী-আয়) নিম্নপ্রবাহ এবং আমদানি-ব্যয় বৃদ্ধির ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোতে যে তারল্যসংকট সৃষ্টি হয়েছে, এর ফলে আমদানি-রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। রপ্তানিকারকদের ঋণ পেতে অসুবিধা হচ্ছে। তিনি বলেন, তারল্যসংকটের ফলে পোশাক ও বস্ত্র রপ্তানিকারকেরা পাঁচ-ছয় মাস ধরে সংশ্লিষ্ট ব্যাংকে রপ্তানি উন্নয়ন তহবিল থেকে অর্থ পাওয়ার আবেদন করলে বাংলাদেশ ব্যাংক থেকে ক্ষেত্রবিশেষে এক থেকে দুই মাস পর্যন্ত সময় নিচ্ছে। এই এক-দুই মাস সময়ের জন্য ব্যাংকগুলোকে বর্তমান প্রচলিত হারে সুদ দিতে হচ্ছে।হিসাব দিয়ে বিজিএমইএ বলেছে, ২০ শতাংশ রপ্তানি মূল্যবৃদ্ধির বিপরীতে আমদানি খরচসহ মোট উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে প্রায় ২৩ শতাংশ। মূল্যবৃদ্ধির তুলনায় উৎপাদন খরচ ৩ শতাংশ বৃদ্ধির ফলে মুনাফার যে অংশটি আছে, তা প্রায় ৩০ শতাংশ কমে গেছে।