পোশাক রপ্তানি করলেই কল্যাণ তহবিলে অর্থ জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্ধতি যা-ই হোক না কেন তৈরি পোশাক রপ্তানি করলেই সেখান থেকে নির্দিষ্ট একটি অংশ শ্রমিকদের কল্যাণের জন্য গঠিত কেন্দ্রীয় তহবিলে জমা করা হবে। সে ক্ষেত্রে ঋণপত্র (এলসি), বায়িং কন্ট্রাক্ট, চুক্তি, ক্রয় আদেশ কিংবা অ্যাডভান্স পেমেন্ট যেকোনো পদ্ধতিই হতে পারে।
সরকারের ঘোষণা অনুযায়ী, পোশাক রপ্তানির মোট মূল্যের ০.০৩ শতাংশ অর্থ কর্তন করে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখায় কেন্দ্রীয় তহবিল (তৈরি পোশাক খাত) শিরোনামের হিসাবে জমা করা হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পত্রে উল্লেখিত নির্দেশনার যথাযথ পরিপালন নিশ্চিত করার লক্ষ্যে দেশে কার্যরত অনুমোদিত ডিলার ব্যাংক শাখাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে গত মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে। গত জুনে জারি করা অন্য এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নির্দেশনা আরও স্পষ্ট করতেই নতুন এই প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের কল্যাণে আলাদা তহবিল গঠন করেছে সরকার। সংশোধিত শ্রম আইনের বিধিমালায় পোশাক রপ্তানির প্রতিটি চালানের ওপর অর্থ কেটে রাখার মাধ্যমে এ তহবিল গঠনের কথা বলা হয়। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর হিসাব অনুযায়ী, এ খাতে বছরে অন্তত ৮০ কোটি টাকা অথবা এর কিছু বেশি অর্থ জমা হবে। শ্রমিকদের আপৎকালীন প্রয়োজনে এ অর্থ কাজে লাগানো হবে। দুর্ঘটনাজনিত শ্রমিক মৃত্যু বা স্থায়ী অক্ষমতা বা অঙ্গহানি হলে তিন লাখ টাকা, চাকরিরত অবস্থায় অসুস্থতার কারণে স্থায়ী অক্ষম হলে দুই লাখ টাকা অনুদান দেওয়া হবে।