পোশাক রপ্তানি বাড়াতে আজ বাটেক্সপো শুরু
রপ্তানি বাড়ানোর লক্ষ্য সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দেশের পোশাক পণ্যের বৃহৎ প্রদর্শনী বাটেক্সপো-২০১০। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রতিবছর দেশের প্রধানমন্ত্রী এই মেলার উদ্বোধন করেন। আর সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা প্রধান অতিথি থাকেন। কিন্তু এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে বিদেশে থাকায় অর্থমন্ত্রী এর উদ্বোধন করছেন। তবে প্রতিবারের মতো আগামী শনিবার বাটেক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া।বাটেক্সপো-২০১০ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আবদুস সালাম মুর্শেদী এসব তথ্য জানান। বাটেক্সপো-২০১০-এর প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন সংগঠনের নেতা মুরাদ হোসেন সোহেল।সংবাদ সম্মেলনে সালাম মুর্শেদী বলেন, বিশ্ব অর্থনীতিতে যে মন্দা চলছিল তা কেটে যাচ্ছে। তবে এখনো ইউরোপের বড় চারটি বাজারে মন্দার প্রভাব আছে। তারপরও বিশ্ববাজারে দেশের তৈরি পোশাকের চাহিদা বেড়েছে। উপরন্তু নতুন বিশেষত, জাপান ও দক্ষিণ আফ্রিকায় বাজার তৈরি হয়েছে। ফলে চলতি অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩৮ শতাংশ।এক প্রশ্নের জবাবে সালাম মুর্শেদী বলেন, তুলার দাম এখন দ্বিগুণ হয়েছে। গ্যাস-বিদ্যুতের সংকটে গত বছর দুই হাজার কোটি টাকার পণ্য বিমানে পাঠাতে হয়েছে। তিনি বলেন, মন্দার পর দেশের পোশাক রপ্তানির যে সুযোগ তৈরি হয়েছে, তা স্থায়ীভাবে ধরে রাখতে হলে পোশাক খাতের জন্য গ্যাস-বিদ্যুতের সরবরাহ বাড়ানো, বন্দরের জটিলতা কাটানো, ব্যাংক ঋণের সুদের হার একক অঙ্কে নামিয়ে আনা এবং বিভিন্ন চার্জ কমানো জরুরি।দেশের আসন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সালাম মুর্শেদী বলেন, স্থিতিশীলতা থাকলে পোশাকশিল্পের বিকাশ হবে, এগিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘পোশাকশিল্প হরতালের আওতামুক্ত।’ বিরোধীদলীয় নেত্রী এ খাতকে হরতালে আওতামুক্ত রাখবেন এটা তাঁরা আশা করেন। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া বিভিন্ন সময় ক্ষমতায় থেকে পোশাক খাতের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’ অন্যবারের চেয়ে বেশিসংখ্যক বিদেশি ক্রেতা এবারের মেলায় অংশ নেবে বলে প্রত্যাশা করছে বিজিএমইএ। ইতিমধ্যে অনেক ক্রেতা ঢাকায় আসতে শুরু করেছেন।বিজিএমইএ সভাপতি বলেন, এবারের মেলায় ভারত, পাকিস্তান, চীন, হংকং, জাপান, থাইল্যান্ড, ব্রাজিল এবং বাংলাদেশসহ ৮৯টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মোট স্টলের সংখ্যা ১৩৭টি।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবারের মতো এবারও বাটেক্সপো উপলক্ষে ‘কালচারাল নাইট’ ও ‘ফ্যাশন শো’র আয়োজন করা হয়েছে। মেলা চলাকালে বিদেশি ক্রেতাদের বাংলাদেশি পোশাক কিনতে আগ্রহী করতে বেশ কয়েকটি সেমিনারের আয়োজন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।