পোশাক রপ্তানি বাড়াতে নিরাপদ করতে হবে কারখানা: কানাডার রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডায় বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়াতে কারখানা নিরাপদ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত বেনোয়া পিয়েরে লাঘামে। তিনি বলেছেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, কানাডা চায় বাংলাদেশের পোশাক খাত এগিয়ে যাক। এটা সম্ভব হবে যদি কানাডার জনগণ মনে করে বাংলাদেশ থেকে নেওয়া পোশাকগুলো নিরাপদ কারখানায় তৈরি হয়েছে। সেগুলো তৈরিতে শ্রমিকদের অধিকার রক্ষা করা হয়েছে।’

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত হওয়া উপলক্ষে আজ বৃহস্পতিবার এক মধ্যাহ্নভোজ সভায় বেনোয়া পিয়েরে লাঘামে এ কথা বলেন।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ক্যানচ্যাম) যৌথভাবে মতিঝিলের ঢাকা চেম্বারের কার্যালয়ে সভাটি আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে কানাডার রাষ্ট্রদূত।
কানাডা দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ সালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ২৪০ কোটি কানাডীয় ডলার। যা আগের বছরের চেয়ে ২৮ শতাংশ বেশি। গত বছর বাংলাদেশ কানাডায় প্রায় ১৫০ কোটি কানাডীয় ডলারের পণ্য রপ্তানি করেছে, আমদানি করেছে প্রায় ৯০ কোটি ডলারের পণ্য। গত ১৫ বছরে বাংলাদেশ ও কানাডার বাণিজ্য ৭ গুণ বেড়েছে।
পিয়েরে লাঘামে বলেন, কানাডায় শুল্ক ও কোটামুক্ত সুবিধা এ দেশের রপ্তানিকারকেরা ভালোভাবেই কাজে লাগিয়েছেন। কানাডায় পোশাক রপ্তানিতে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে।