পোশাক রপ্তানিতে কর কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের কর কমছে। এ খাতের জন্য মোট রপ্তানিমূল্যের ওপর উৎসে কর হিসেবে দশমিক ৩ শতাংশ করারোপের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর ওই প্রতিষ্ঠানের জন্য এই করের হার চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। মূলত জাহাজীকরণের সময় পণ্যের মূল্য বা এফওবি মূল্যের ওপর উৎসে করারোপ হয়।
বর্তমানে এই তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানসমূহকে মোট রপ্তানিমূল্যের ওপর দশমিক ৮ শতাংশ হারে কর দিতে হয়। চূড়ান্ত দায় হওয়ায় বছর শেষে আর কোনো কর দিতে হয় না।
জানা গেছে, ইতিমধ্যে মতামত নেওয়ার জন্য এ-সংক্রান্ত বিশেষ প্রজ্ঞাপনের খসড়ার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। যেদিন এই প্রজ্ঞাপন জারি হবে, সেদিন থেকেই তা কার্যকর করা হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
জানা গেছে, বিশেষ প্রজ্ঞাপন জারি করে ২০১৫ সালের জুন মাস পর্যন্ত নতুন করের হার বহাল থাকবে। তাই চলতি ২০১৩-১৪ অর্থবছরের পাশাপাশি আগামী ২০১৪-১৫ অর্থবছরেও একই সুবিধা পাবে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানগুলো।
তৈরি পোশাক খাতের মধ্যে নিট, ওভেন, টেরিটাওয়েল, কার্টন ও সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে দশমিক ৩ শতাংশ করারোপ হবে।
এর আগে গত সপ্তাহে চট্টগ্রামে কাফেক্সপো উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ পোশাক খাতের জন্য উৎসে আয়কর হ্রাসসহ একাধিক প্রণোদনার সিদ্ধান্ত ঘোষণা করেন।
অন্যদিকে তৈরি পোশাক খাত ছাড়া হিমায়িত খাদ্য, পাট, চামড়া, সবজি ও প্যাকেটজাত খাদ্য রপ্তানি করলেও উৎসে কর কমে যাবে। এনবিআরের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৫ সালের জুন মাস পর্যন্ত এসব খাতের রপ্তানিমূল্যের ওপর চূড়ান্ত করের দায় হিসেবে দশমিক ৬ শতাংশ হারে উৎসে কর দিতে হবে। এসব খাতেও দশমিক ৮ শতাংশ উৎসে করারোপ রয়েছে।
এনবিআর বিশ্লেষণ করে দেখেছে, নতুন করের হার বাস্তবায়িত হলে ২০১৫ সালের জুন মাস পর্যন্ত প্রায় দুই হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে। এর প্রায় ৯৫ শতাংশই তৈরি পোশাক খাতের।
বহির্বিশ্বে ভাবমূর্তির সংকট ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতায় দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি হুমকির মুখে পড়ছে, এমন যুক্তি দিয়ে কর কমানোর দাবি কয়েক মাস ধরেই জানাচ্ছেন তৈরি পোশাক খাতের মালিকেরা। ইতিমধ্যে এ দাবি নিয়ে তৈরি পোশাক খাতের বিভিন্ন সংগঠনের মালিকেরা অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন।
এনবিআর সূত্রে জানা গেছে, গত অর্থবছরে (২০১২-১৩) তৈরি পোশাক খাত থেকে প্রায় দুই হাজার কোটি টাকা কর পেয়েছে। এর আগের বছর এর পরিমাণ ছিল ৮৮৬ কোটি টাকা।
উদ্যোক্তা হিসেবে তৈরি পোশাক কারখানার মালিকেরাই সবচেয়ে বেশি কর-সুবিধা পেয়ে থাকেন। তাঁদের অন্য বড় ব্যবসায়ীদের মতো করপোরেট কর দিতে হয় না। রপ্তানির সময় রপ্তানিমূল্যের যে উৎসে কর দেওয়া হয়, সেটাই চূড়ান্ত দায় হিসেবে বিবেচনা করা হয়। বছর শেষে শুধু ওই প্রতিষ্ঠানকে আয়কর বিবরণী দাখিল করতে হয়।
এ সুবিধার মানে হলো, নতুন করের হার বাস্তবায়িত হলে কোনো প্রতিষ্ঠান যদি ১০০ টাকার তৈরি পোশাক রপ্তানি করে, তাহলে মাত্র ৩০ পয়সা উৎসে কর দিতে হবে। এই ৩০ পয়সা উৎসে করই চূড়ান্ত দায়, তাই এটাই ওই প্রতিষ্ঠানের ১০ শতাংশ কর হিসেবে বিবেচনা করা হবে। সেই হিসাবে ওই প্রতিষ্ঠান ১০০ টাকায় তিন টাকা পর্যন্ত প্রকৃত মুনাফা দেখাতে পারে।
তবে এই সুবিধার অপব্যবহার হচ্ছে বলে মনে করেন এনবিআরের অনেক কর্মকর্তা। তাঁরা প্রথম আলোকে বলেন, তৈরি পোশাক খাতের মালিকেরা অন্য ব্যবসায় লোকসান দেখিয়ে ওই প্রতিষ্ঠানের অর্থ তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানে মুনাফার সঙ্গে সমন্বয় করে নেন।