পোশাক রপ্তানিতে প্রথম হবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক রপ্তানিতে অদূর ভবিষ্যতে বিশ্বে প্রথম অবস্থান দখল করবে বাংলাদেশ। বর্তমানে চীন প্রথম হলেও অবস্থানটি তার থাকছে না। কারণ, চীন এরই মধ্যে পোশাক উৎপাদনে আগ্রহ কমিয়েছে।
রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার পোশাক ও বস্ত্র খাতের ওপর প্রশিক্ষণবিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। বাংলাদেশ জার্মান চেম্বার আব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং জার্মানির কোম্পানি এসএপি ট্রেনিং একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থোমাস প্রিঞ্জ।
বাংলাদেশের ৫০ বছর পূর্তি অর্থাৎ ২০২১ সালে শুধু তৈরি পোশাক রপ্তানি করেই পাঁচ হাজার কোটি ডলার আয় করা যাবে বলে আশাবাদী বাণিজ্যমন্ত্রী।
গত বছর বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে ৩ হাজার ১৯ কোটি ডলার। চলতি বছর রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২২০ কোটি ডলার।
জার্মানিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার উল্লেখ করে তোফায়েল বলেন, একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রথম হলেও জার্মানি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানির বাজার। বাংলাদেশ প্রতিবছর জার্মানিতে গড়ে ৫০০ কোটি ডলার মূল্যের পোশাক রপ্তানি করে।
ভারতের নোবেল বিজয়ী অমর্ত্য সেনের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সামাজিক অনেক ক্ষেত্রে ভারতের থেকেও এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের রিজার্ভ এখন ২ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে বলেও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
তোফায়েল বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। যারা এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যা দিয়েছিল, তারাই আজ বলছে, বাংলাদেশ মিরাকল।