পোশাক রপ্তানিতে বিপুল সম্ভাবনা নির্ভর করছে চার শর্তের ওপর
হংকংয়ের বড় ব্যবসায়ীদের দৃষ্টিতে বাংলাদেশ নতুন উৎপাদক দেশ হবে কি না, তা নির্ভর করছে চারটি নিশ্চয়তা ও তার বাস্তবায়নের ওপর। এগুলো হলো: ঘন ঘন শ্রম অসন্তোষ বন্ধে মজুরি বৃদ্ধি, পোশাকশিল্পে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনায় উন্নতি, দেশের সার্বিক অবকাঠামোর উন্নয়ন ও টেকসই কারখানা মডেল।হংকংয়ের আমেরিকান চেম্বার অব কমার্স বা অ্যামচেম হংকংয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় সফর শেষের দিকে গতকাল সোমবার এ মত প্রকাশ করেছে। বিশ্বের শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ চীন এ খাত থেকে সরে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। দেশটি এখন উচ্চ প্রযুক্তিনির্ভর শিল্পের দিকে যাচ্ছে। এ অবস্থায় হংকংয়ে অবস্থানরত বিশ্বের নামীদামি সব ব্র্যান্ড প্রতিনিধিরা তাঁদের পোশাক ক্রয় কোথা থেকে হবে, তা খতিয়ে দেখতে বাংলাদেশসহ পাঁচটি দেশ সফর করছে। অ্যামচেম হংকংও মনে করে, এই বাজারের একটি বড় অংশ বাংলাদেশ ধরতে পারে। কিন্তু ঘন ঘন শ্রমিক অসন্তোষ নিয়ে তৈরি ইস্যু এবং অবকাঠামো সমস্যাগুলো কাটিয়ে উঠতে না পারলে এই সুযোগ বাংলাদেশ কতটুকু গ্রহণ করতে পারবে, সে বিষয়ে তারা উদ্বিগ্ন।হংকং প্রতিনিধিদলের একটি সূত্র জানায়, এ কারণেই রোববার দেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গে বৈঠক করে শ্রমিকদের মজুরি বাড়ানো এবং মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা উন্নতির বিষয়টিকে যথেষ্ট গুরুত্বসহকারে বিবেচনা করার প্রস্তাব করেছে অ্যামচেম হংকং। যোগাযোগ করা হলে বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান প্রথম আলোকে বলেন, প্রতিনিধিদল মনে করছে, বাংলাদেশ থেকে তাদের চাহিদা অনুযায়ী পণ্য সময়মতো সরবরাহ করা সম্ভব হবে কি না, তা চারটি বিষয়ের ওপর নির্ভর করছে। এগুলো হচ্ছে: দেশের অবকাঠামো, শ্রমিক অসন্তোষ, মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনায় উন্নয়ন এবং টেকসই কারখানা মডেল।প্রতিনিধিদলটি গত শনিবার চার দিনের সফরে বাংলাদেশে আসে। তারা বিশ্বের শীর্ষস্থানীয় পোশাক, পাদুকা ও বস্ত্র খাতের প্রায় ৩০টি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করছে। চলতি বছর বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় ৩০ দশমিক ৪ শতাংশই গেছে এসব প্রতিনিধি ও ব্র্যান্ডের কাছে। অর্থের হিসাবে তা প্রায় ৫৮০ কোটি ডলার।বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে গতকাল সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে অ্যামচেম হংকং।বিকেলে বিনিয়োগ বোর্ডের বৈঠক শেষে ব্রিফ করেন প্রতিনিধিদলের নেতা ও অ্যামচেম হংকংয়ের সভাপতি রিচার্ড ভুয়েলস্টিক। তিনি বলেন, ‘চীন তৈরি পোশাকশিল্প থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের কারণে চীন থেকে যেসব প্রতিষ্ঠান পোশাক কিনত, তারা এখন নতুন বিনিয়োগের জায়গা খুঁজছে। এই তালিকায় আছে ভিয়েতনাম, কম্বোডিয়া, মিয়ানমার, ইন্দোনেশিয়া এবং অবশ্যই বাংলাদেশ। বিশেষভাবে মনে রাখবেন, বাংলাদেশ দিয়েই এই প্রক্রিয়াটি শুরু হয়েছে।’তবে এ ক্ষেত্রে চারটি চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন অ্যামচেম হংকংয়ের সভাপতি। সুনির্দিষ্ট চারটি চ্যালেঞ্জের কথা কিসের ভিত্তিতে বলছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ সফরের আগে আমরা কিছু খোঁজখবর করেছি। তার ভিত্তিতেই এ চারটি চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে।’রিচার্ড ভুয়েলস্টিক বলেন, ‘শ্রমিকদের কাছ থেকে ভালো কাজ আদায় করতে হলে ভালো মজুরি দিতে হবে। এ জন্য আমরা মজুরি বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা করেছি।’ মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা দুর্বলতার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ খাতের জন্য প্রয়োজন ভালো কারখানা ব্যবস্থাপক ও কারিগর (টেকনিশিয়ান)। বাংলাদেশে অনেক চৌকস লোক আছে। কিন্তু শুধু চৌকস লোক হলেই চলবে না, বিশ্বের সঙ্গে তাদের ভালো যোগাযোগও থাকতে হবে।’এ দেশে বিনিয়োগের প্রসঙ্গে অ্যামচেম হংকংয়ের সভাপতি বলেন, বিনিয়োগ আসার মতো সবকিছুই বাংলাদেশে আছে। কিন্তু প্রশ্ন হলো, বিনিয়োগকারী ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তারা কত দ্রুত সেই বিনিয়োগ আদায় করতে পারে।বৈঠক শেষে বিনিয়োগ বোর্ডের একজন কর্মকর্তা বলেন, হংকংয়ের প্রতিনিধিদলটি এ দেশে মূল্য সংযোজিত পণ্যের কার্যাদেশ দিতে চায়। কিন্তু এ জন্য যে মানের মধ্যম পর্যায়ের ব্যবস্থাপক ও কারিগর প্রয়োজন, দেশে তার অভাব রয়েছে। সে কারণে ব্যবস্থাপক ও কারিগরদের দক্ষতা বাড়াতে হংকংয়ের বড় ব্র্যান্ডগুলো দক্ষতা বিনিময় করতে এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে আগ্রহী।ইপিবির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু এবং বিনিয়োগ বোর্ডের বৈঠকে বোর্ডের নির্বাহী সদস্য নাসির উদ্দিন, পরিচালক আলী কদর ও আরিফুল হক উপস্থিত ছিলেন। দুই বৈঠকেই উপস্থিত ছিলেন অ্যামচেম বাংলাদেশের নির্বাহী সচিব এ গফুর।