পোশাকশ্রমিকদের বেতন ১০, বোনাস ১৪ জুলাই
আসন্ন পবিত্র ঈদে পোশাক কারাখানার শ্রমিকদের জুন মাসের বেতন ১০ জুলাইয়ের মধ্যে দিতে হবে। এ ছাড়াও বোনাস (উৎসব ভাতা) ১৪ জুলাইয়ের মধ্যে দিতে হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সভাপতিত্বে পোশাক খাতের জন্য গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভায় পোশাক মালিকেরা এ সময়ের মধ্যে বেতন ও উৎসব ভাতা পরিশোধে সম্মত হয়েছেন। খবর বাসস।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘পোশাক মালিকদের কাছে আমরা ১০ জুলাইয়ের মধ্যে বেতন এবং ১৪ জুলাইয়ের মধ্যে ভাতা পরিশোধের অনুরোধ করেছি। এতে তারা সম্মত হয়েছেন। মালিক প্রতিনিধিরা এই সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধে একমত পোষণ করেছেন।’
একই সঙ্গে শ্রমিকদের ঈদের ছুটি একদিনে না দিয়ে পর্যায়ক্রমে দেওয়ার জন্য পোশাক খাতের মালিকদের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়েছে বলেও প্রতিমন্ত্রী জানান।
মো. মুজিবুল হক বলেন, ‘একদিনে ছুটি দিলে যানজটের কারণে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবেই বাড়িতে ফিরতে পারে না। এ জন্য আমরা পর্যায়ক্রমে ছুটি দেওয়ার অনুরোধ করেছি। আগে-পিছে ছুটি দিলে তাদের বাড়িতে ফিরতে সুবিধা হবে।’ শ্রমিকদের ছুটি দেওয়ার বিষয়ে মালিকেরা সরকারের এই অনুরোধ রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের যে কোনো সংকট বা সমস্যায় সরকার সব সময় মালিকদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আর সরকারের অনুরোধে বেতন-ভাতা পরিশোধের ক্ষেত্রে আজকের বৈঠকে যে তারিখ নির্ধারণ করা হয়েছে, আশা করি মালিকেরা এর আগেই বেতন-ভাতা পরিশোধ করবেন।
প্রসঙ্গত, দেশের তৈরি পোশাক খাতের প্রায় চার হাজার কারখানায় ৪০ লাখেরও অধিক শ্রমিক কর্মরত আছেন।
সভায় শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ নেতৃবৃন্দ, পোশাক শ্রমিক নেতৃবৃন্দ এবং ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।