পোশাকমালিকদের শ্রমিক অধিকার নিয়ে কাজ করার তাগিদ
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের মালিকদের শ্রমিক অধিকার নিয়ে আরও বেশি কাজ করতে তাগিদ দিয়েছে ইউরোপীয় পালার্মেন্টের তিন সদস্যের একটি প্রতিনিধিদল। একই সঙ্গে পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনের হার বৃদ্ধির ওপরও জোর দেন তাঁরা।
রাজধানীতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূতাবাসে গতকাল মঙ্গলবার বিকেলে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠককালে বাংলাদেশ সফররত প্রতিনিধিরা এসব কথা বলেন। ইউরোপীয় পালার্মেন্টের মানবাধিকারবিষয়ক উপকিমিটির (ড্রোই) ক্রিশ্চিয়ান দান প্রেদার নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন ক্যারল ক্রাসকি (পোল্যান্ড) ও ইয়োসেফ ভেইডেনহোলজার (অস্ট্রিয়া)।
বৈঠক শেষে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘রানা প্লাজা ধসের পর কী পদক্ষেপ নিয়েছি এবং শ্রমিক অধিকার নিয়ে আমরা কী করেছি, সেসব বিষয় তাঁরা জানতে চান। আমরা তাঁদের সবকিছুই অবহিত করেছি। বলেছি, আমরা আগে কারখানা সংস্কারে জোর দিয়েছি। তারপর অন্য বিষয়গুলোতেও নজর দেব। অর্থাৎ আমরা ধাপে ধাপে কাজ এগোচ্ছি।’
বিজিএমইএর সভাপতি বলেন, ‘ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের সঙ্গে কারখানা পরিদর্শনের যে কার্যক্রম চলছে, সেটি তুলে ধরে বলেছি, অন্য দেশে এ ধরনের কাজ না হওয়া বৈষম্যমূলক। একই সঙ্গে ক্রেতারা যে আমাদের পোশাকের দাম কমিয়ে দিয়েছেন, সেই বিষয়েও প্রতিনিধিদলকে আমরা অবহিত করে ব্যবস্থা নিতে বলেছি। তবে তাঁরা এ বিষয়ে কিছু বলেননি, শুধু শুনেছেন।’
জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, ‘আমাদের ১২ শতাংশ কারখানায় ট্রেড ইউনিয়ন হয়েছে। সংখ্যার হিসাবে যা ৪২১টি। প্রতিনিধিদলটি আরও বেশি কারখানায় ইউনিয়ন করতে এই ধারা অব্যাহত রাখতে বলেছে। তবে আমরা বলেছি সব একসঙ্গে চাপিয়ে দিলে হবে না।’
বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি পিয়েরে মায়াদু, বিজিএমইএর আরেক সহসভাপতি রিয়াজ-বিন-মাহমুদসহ মার্কিন দূতাবাস, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) একজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।