পোশাকশিল্প আধুনিকায়নের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিপিডির সংলাপে (বাঁ থেকে) বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, দেবপ্রিয় ভট্টাচার্য, বিএনপি নেতা আবদুল মঈন খান ও মোস্তাফিজুর রহমান  ছবি: প্রথম আলো
সিপিডির সংলাপে (বাঁ থেকে) বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, দেবপ্রিয় ভট্টাচার্য, বিএনপি নেতা আবদুল মঈন খান ও মোস্তাফিজুর রহমান ছবি: প্রথম আলো

পোশাক রপ্তানি করে দেশীয় তৈরি পোশাক খাত এখন বছরে দুই হাজার কোটি ডলারের বেশি আয় করছে। সরকার এবং এ খাত-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, এ দেশ থেকে ২০১৫ সালে তিন হাজার কোটি এবং ২০২১ সালে পাঁচ হাজার কোটি ডলারের পোশাক রপ্তানি হবে।
কিন্তু মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও উৎপাদন সক্ষমতা বাড়াতে না পারলে এটি সম্ভব না-ও হতে পারে। এ জন্য পোশাক খাতকে এখনই পুনর্গঠন ও আধুনিকায়ন করতে হবে। তা না হলে প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে দেশীয় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো টিকতে পারবে না।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং ডিএফআইডি-ইএসআরসি গ্রোথ রিসার্চ প্রোগ্রাম প্রজেক্ট (ডিইজিআরপি) আয়োজিত বাংলাদেশের পোশাক খাতবিষয়ক এক সংলাপে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, পোশাক মালিক ও রাজনৈতিক নেতারা এমন অভিমতই প্রকাশ করেন।
রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার ‘অর্থনৈতিক রূপান্তর ও প্রবৃদ্ধির চ্যালেঞ্জ: কৃষি ও উৎপাদন খাত’ শীর্ষক দিনব্যাপী সংলাপের প্রথম অংশে পোশাক খাতের এ আলোচনা চলে।
সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি এবং সাবেক মন্ত্রী ও বিএনপির নেতা আবদুল মঈন খান বিশেষ অতিথি ছিলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের পোশাক খাত ক্রান্তিকাল অতিক্রম করছে। খাতটি দেশি ও আন্তর্জাতিক চাপের মধ্যে আছে। তাই এ খাতকে পুনর্গঠনের দিকে নজর দেওয়ার সময় এসেছে। পোশাক খাতের পুনর্গঠন ও আধুনিকায়নে শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো বড় ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, ‘যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, সে চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব যদি আমরা সবাই এক থাকি। আশা করি, বড় দুই রাজনৈতিক দল এ ক্ষেত্রে এক হবে।’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘২০২১ সালে দেশের পোশাক রপ্তানির পরিমাণ পাঁচ হাজার কোটি ডলারে পৌঁছাবে—এটা আমাদের ভিশন। এ জন্য পোশাক খাতের আধুনিকায়ন প্রয়োজন।’ প্রযুক্তিগত আধুনিকায়নের প্রসঙ্গে তিনি বলেন, এ জন্য সব খাতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সমন্বিত কর্মপন্থা তৈরি করা হবে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রপ্তানি পণ্যের সংখ্যা বাড়ানো এবং নতুন বাজার সৃষ্টির জন্য সরকার কাজ করছে। অর্থনীতির ক্ষেত্রে রাজনীতি টেনে আনা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির নেতা আবদুল মঈন খান বলেন, পোশাকশিল্প মালিকেরা আন্তর্জাতিক ক্রেতা ধরতে নিজেদের মধ্যে দাম কমানোর প্রতিযোগিতা করেন। এটা যদি তাঁরা বন্ধ করতে পারেন, তাহলে ক্রেতাদের কাছ থেকে প্রতি পোশাকে দশমিক ২৫ সেন্ট আদায় করা সম্ভব। এ অর্থ দিয়ে তাঁরা শ্রমিকদের ন্যূনতম আট হাজার টাকা মজুরি দিতে পারেন।
সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, কর্মপরিবেশ ও শ্রমিকের জীবনমান উন্নয়নসহ কমপ্লায়েন্স ইস্যু দেশীয় পোশাকশিল্পের যাত্রাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। সে কারণে পোশাক খাতকে পুনর্গঠনের মধ্য দিয়ে যেতেই হবে।
পোশাক রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে হলে বিদ্যমান উৎপাদনপদ্ধতির আধুনিকায়ন ও পুনর্গঠন করার বিকল্প নেই। পাশাপাশি মানবসম্পদ উন্নয়নের আধুনিকায়নও করতে হবে।
বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, এটা সত্য যে পোশাক খাতের শ্রমিকেরা কম মজুরি পান। তিনি বলেন, ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর দুটি জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স দেশের পোশাক কারখানা পরিদর্শন শুরু করেছে। এ কাজ বাণিজ্য মন্ত্রণালয়কে তদারক করা প্রয়োজন। নইলে দেখা যাবে, তারা এমন পরিদর্শন প্রতিবেদন তৈরি করছে যে দেশের ৯০ শতাংশ কারখানাই কাজ করতে পারবে না।
গবেষণার ফলাফল: অনুষ্ঠানে বাংলাদেশের পোশাক খাতের ওপর একাধিক গবেষণার ফলাফল তুলে ধরেন ওভারসিজ ডেভেলপমেন্ট গ্রুপের একটি কর্মসূচির প্রধান দ্রিক উইলেম টে ভেলদে, যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস উডরাফ ও জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) পরিচালক লুডোভিকো অ্যালকুরতা।
এসব গবেষণায় বলা হয়, বাংলাদেশ এখন বছরে পোশাক রপ্তানি করে যে আয় করে তা বিশ্বের ৯০টি দেশের অর্থনীতির চেয়েও বড়। তবে উৎপাদিত পণ্যে সামান্য বিচ্যুতি হলেই ক্রেতারা তা নিতে চান না। তাই উৎপাদন প্রক্রিয়ায় নিত্যনতুন উদ্ভাবনী পদ্ধতি ব্যবহার করা প্রয়োজন।
অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক অতিরিক্ত বাণিজ্যসচিব আজম মোহাম্মদ পাকিস্তান এবং গ্লোবাল ফাইন্যান্স মরিশাসের নিখিল ত্রিভুহান মরিশাসের পোশাক খাতের আধুনিকায়নের উদাহরণ তুলে ধরেন। আরও বক্তব্য দেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।