পোশাকশিল্প এলাকার ব্যাংক শনি ও রোববার খোলা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য পোশাকশিল্প এলাকার তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আগামী শনিবার ও রোববার খোলা থাকবে।
একই সঙ্গে বিমান, সমুদ্র বা নৌ ও স্থলবন্দর-সংলগ্ন বাণিজ্যিক ব্যাংকের এডি (বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত) শাখাগুলো প্রতি শুক্রবার ও শনিবার খোলা থাকবে। এর বাইরে দেশের অন্যান্য স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো নিজস্ব বিবেচনায় খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহার আগে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবল তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী শনিবার ও রোববার খোলা রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে। আর সরকারি ছুটি হওয়ায় অফিসে যোগদানকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের যুক্তিসংগত ভাতা প্রদানেরও পরামর্শ দেওয়া হয়।