পোশাকশিল্প এলাকায় ১১ জুলাই ব্যাংক খোলা
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় ১১ জুলাই তফসিলি ব্যাংক খোলা থাকবে। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকায় তফসিলি ব্যাংকের কেবল তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট শাখা ১১ জুলাই শনিবার খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয় বিজিএমইএ-এর অনুরোধে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া বিমান, নৌ ও স্থল বন্দরে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখা শুক্র ও শনিবার এবং দেশের অন্য স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখা শনিবার যথারীতি খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।