পোশাকশিল্প টিকিয়ে রাখতে চাই কৌশলগত পরিকল্পনা

এ বছরের এপ্রিল মাসে রানা প্লাজা ধসের ঘটনায় এক হাজার ১৩১ জন শ্রমিকের প্রাণহানি গোটা বিশ্বকে শোকাহত করেছে। তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক নিহত হওয়ার পাঁচ মাস পর রানা প্লাজা ধসের ঘটনাটি ঘটে। কারখানা ও ভবনমালিকদের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের কারণে এসব দুর্ঘটনা বাংলাদেশের তৈরি পোশাকশিল্পকে এক ভয়াবহ পরিস্থিতিতে ফেলে দিয়েছে বলে মনে করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি)। সংগঠনটি আরও মনে করে, এ ধরনের ব্যর্থতার জন্য আইন অনুসারে বিচারের পদক্ষেপ দ্রুততম সময়ে নেওয়া দরকার, যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা যথাযথ সাবধানতা অবলম্বন করেন। আইসিসিবির ত্রৈমাসিক নিউজ বুলেটিন-এর (এপ্রিল-জুন ২০১৩) সম্পাদকীয়তে এ অভিমত প্রকাশ করা হয়েছে। বুলেটিনটি গতকাল বুধবার প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে থাকায় সাভারের দুর্ঘটনা বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। ক্রেতারা এখন কর্মস্থলের নিরাপত্তা, শ্রমিকের মজুরি বৃদ্ধি, ট্রেড ইউনিয়ন করার অধিকার এবং কমপ্লায়েন্সসহ অন্যান্য শর্ত পূরণের জন্য চাপ দিচ্ছে।
আইসিসিবি বলছে, এ ধরনের উপর্যুপরি চাপে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এ থেকে উত্তরণের জন্য মালিকপক্ষ, নিয়ন্ত্রক ও ক্রেতাদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। আর যথাযথ মানদণ্ডে উন্নীত হতে কিছুটা সময় লাগবে এবং এ জন্য সরকার, মালিক, ক্রেতা ও শ্রমিকদের একযোগে কাজ করতে হবে।
ব্যবসায়ী সংগঠনটি আরও বলছে, মালিক ও সরকার মিলিতভাবে একটা ফাউন্ডেশন করার কথা বিবেচনা করতে পারে, যেন পোশাকশিল্প শ্রমিক ও তাঁদের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য সহায়তা এবং দুর্ঘটনাজনিত কারণে যাঁদের অক্ষম জীবন যাপন করতে হয়, তাঁদের সহায়তা করার বিধান থাকে। বর্তমানে যে পাঁচ হাজার ৪০০ কারখানা আছে, এগুলোর প্রতিটিকে বছরে এক লাখ টাকা করে অনুদান প্রদানের পরামর্শও দিয়েছে আইসিসিবি।
নোবেল বিজয়ী ড. মুহামঞ্চদ ইউনূসের পরামর্শটিও গুরুত্বসহকারে বিবেচনা করতে বলেছে আইসিসিবি। ড. ইউনূস বলেছেন যে সোশ্যাল বিজনেস টিমের সুপারিশ অনুযায়ী যদি ক্রেতারা ‘হ্যাপি ওয়ার্কার’ ট্যাগের জন্য সামান্য কিছু বেশি মূল্য দেয়, তাহলে শ্রমিকদের স্বাস্থ্য, আবাসনব্যবস্থা, পেনশন, প্রভিডেন্ট ফান্ড, শিশুর যত্ন, সুযোগ-সুবিধা ইত্যাদি নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া যাবে। প্রস্তাবটির প্রতি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ আবশ্যক বলে মনে করে আইসিসিবি।