পোশাকশিল্প টিকিয়ে রাখতে শ্রমমান উন্নয়ন দরকার
শ্রমিকেরা যে তৈরি পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অংশীদার, সেটি মালিকপক্ষ অনেক ক্ষেত্রেই স্বীকার করতে চায় না। কিন্তু তারা যদি শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করত, তবে আজকে শিল্পটি এভাবে হুমকির মুখে পড়ত না। এ শিল্পকে টিকিয়ে রাখতে হলে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করে জীবনমানের উন্নয়ন ঘটানো খুবই দরকার। শ্রমিকদের ঠকানোর মানসিকতা থেকে মালিকদের বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে তাঁদের শ্রম সংঘ (ট্রেড ইউনিয়ন) করার সুযোগ দিতে হবে। ক্রেতাদের শর্ত নয়, দেশের আইন মেনে কারখানার কর্মপরিবেশের উন্নয়ন ঘটাতে হবে। বাংলাদেশের পোশাকশিল্পের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ডেইলি স্টার সেন্টার মিলনায়তনে গতকাল রোববার এই আলোচনার আয়োজন করে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ। ডেইলি স্টার-এর ব্যবস্থাপনা সম্পাদক সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, ‘দেশের রপ্তানি আয়ের ৮০ ভাগ তৈরি পোশাক খাত থেকে আসে। তবে খাতটির অবকাঠামোর যথাযথ উন্নয়ন করা হয়নি।’ জিএসপি নিয়ে ফারুক খান বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে জিএসপি স্থগিত করে আমেরিকা আমাদের সহযোগিতা না করে অসহযোগিতাই করেছে।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘শিগগিরই আমরা জিএসপি ফিরে পাব।’ আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, বর্তমান সংকট কাটাতে আইনের চেয়ে বেশি মাত্রায় মান পরিপালন দরকার। সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভানেত্রী নাজমা আক্তার বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পোশাক কারখানার শ্রমিকসংকট ২৫ থেকে ১০০ শতাংশে গিয়ে দাঁড়াবে। তখন মালিকদের বিলাসী জীবন বন্ধ হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, পোশাক উৎপাদন থেকে বিক্রির পর্যায়ে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে হবে। সে জন্য দেশের মালিকেরা একটি সংঘ করতে পারেন। তিনি আরও বলেন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য কোনো ট্রেড ইউনিয়ন নেই। বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘আইনি ও গঠনমূলকভাবে ট্রেড ইউনিয়ন হলে আমাদের আপত্তি নাই।’ গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, আইনজীবী তুহিন মালিক, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম, বিআইডিএসের সিনিয়র গবেষণা পরিচালক জায়েদ বখত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ফরিদ আহমেদ চৌধুরী, নারী নেত্রী শিরিন আখতার, বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ প্রমুখ।