পোশাকশিল্প হয়রানির শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তৈরি পোশাকশিল্প বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন এ খাতের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান।
সরকারকে উদ্দেশ্য করে বিজিএমইএর সভাপতি বলেন, ‘যদি আমাদের সুস্থভাবে ব্যবসা করতে দেন, তাহলে আমরা সামনের দিকে এগোব। আর যদি মনে করেন ব্যবসা না করলেও চলবে, তাহলে আমাদের ছয় মাস থেকে এক বছর সময় দেন, আমরা ইন্ডাস্ট্রি বন্ধ করে দেব। ইন্ডাস্ট্রি বন্ধ করে আমরা চলে যাব।’
সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা কারও দয়ায় এ দেশে বেঁচে থাকতে চাই না। আমরা অনেক কষ্ট করে ইন্ডাস্ট্রি চালাই। প্রত্যেককে বুঝতে হবে, কষ্ট করে ইন্ডাস্ট্রি চালাই। আমরা বিভিন্নভাবে চেষ্টা করি যেকোনোভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু আমাদের সামনে অহেতুক কিছু কিছু বাধা সৃষ্টি করা হয়।’
রাজধানীর কারওয়ান বাজারের বিজিএমইএ ভবনের নূরুল কাদের মিলনায়তনে গতকাল শনিবার ‘বিজিএমইএ-বিইউএফটি জার্নালিজম ফেলোশিপ-২০১৫’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সিদ্দিকুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
হয়রানির বিষয়ে বিজিএমইএর সভাপতি বলেন, হঠাৎ করেই তিন দিন ধরে ঢাকার আশপাশের সিএনজি ফিলিং স্টেশনগুলো থেকে সিলিন্ডারে করে কারখানাগুলোকে গ্যাস দেওয়া হচ্ছে না। তিনি প্রশ্ন করেন, কার সঙ্গে আলাপ-আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হলো? রপ্তানিতে সবচেয়ে বেশি অবদান রাখলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পোশাকশিল্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সিদ্দিকুর রহমান বলেন, ‘হঠাৎ করে গত বছর করপোরেট কর হার বাড়িয়ে ৩৫ শতাংশ করে দিল। কার সঙ্গে আলাপ করে করল? একটা সেক্টরের কর ১০ শতাংশ থেকে ৩৫ শতাংশে নিয়ে যাবেন, আবার আপনি বলবেন, রপ্তানি বাড়াতে হবে। একসঙ্গে দুই দিক তো হয় না। যদি বিনিয়োগ করতে হয় তবে করপোরেট কর ১০ শতাংশেই আনতে হবে। ২০ শতাংশ দিয়েও বিনিয়োগ হবে না।’ তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সহযোগিতা করতে হবে। জোর-জুলুম করে কোনো কিছু চাপিয়ে দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যায় না।
বিজিএমইএর সভাপতি বিভিন্ন ধরনের লাইসেন্স নবায়নে অতিরিক্ত ফি, কাস্টমস কর্মকর্তাদের অসহযোগিতামূলক আচরণ, সাম্প্রতিক সময়ের প্রাইম মুভারদের ধর্মঘটের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছি। এসব বন্ধ না হলে ২০২১ সালের মধ্যে পোশাক রপ্তানি ৫ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়া যাবে না।’
বিজিএমইএর সভাপতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের উদ্দেশে বলেন, বিজিএমইএর সভাপতি তাঁর মনের কিছু কথা বলেছেন। তাঁর কথার সারমর্ম আপনারা যদি গণমাধ্যমে তুলে ধরেন, তবে আমি খুব খুশি হব। কারণ, এই দুঃখ-কষ্টের কথা আমরা যাঁরা সরকার পরিচালনা করি, রাজনীতি করি, তাঁদের জানা দরকার।’ তিনি বলেন, ২০২১ সালে পোশাক রপ্তানি ৫ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়া সম্ভব। এ জন্য পোশাক ব্যবসার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের সুখ-দুঃখের ভাগীদার হতে হবে।
এবার বিজিএমইএ-বিইউএফটি জার্নালিজম ফেলোশিপ পেয়েছেন ছয় সাংবাদিক। তাঁরা হচ্ছেন ইত্তেফাক-এর রিয়াদ হোসেন, ঢাকা ট্রিবিউন-এর ইব্রাহিম হোসেন, যুগান্তর-এর মিজানুর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকার নাসরিন হুদা, এটিএন বাংলার শরীফুল আলম ও একুশে টিভির মেহেদী হাসান আলবাকের।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিইউএফটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোজাফ্ফর উদ্দিন সিদ্দিক, দৈনিক ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত, একুশে টিভির চিফ এডিটর মনজুরুল আহসান বুলবুল, একাত্তর টিভির পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা, বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম।